ফেরির তলা ছিদ্র: অল্পের জন্য রক্ষা পেলো সহস্রাধিক যাত্রী

শিমুলিয়া-কাওরাকান্দি নৌ-রুটের পদ্মায় অল্পের জন্য রক্ষা পেল সহস্রাধিক যাত্রী ও আটটি হালকা যানবাহন। শুক্রবার বিকেলে শিমুলিয়া ঘাটের অদূরে পদ্মায় ফেরি ‘ফরিদপুর’র তলা ছিদ্র হয়ে পানি ডুবে যাওয়ার উপক্রম হয়। এ সময় যাত্রীরা আতঙ্কিত হয়ে চিৎকার শুরু করে।
 
ফেরির যাত্রী সাইদুর রহমান জানান, শুক্রবার বিকাল সাড়ে তিনটায় কাওড়াকান্দি ঘাট থেকে সহস্রাধিক যাত্রী ও আটটি হালকা যানবাহন নিয়ে ফেরিটি শিমুলিয়া ঘাটের উদ্দেশ্যে রওনা দেয়। বিকাল পাঁচটার দিকে শিমুলিয়া ঘাটের ১নং ফেরি ঘাটে ভেড়ার আগ মুহূর্তে ফেরির তলা ছিদ্র হয়ে যায়। এ সময় ফেরিটি এক দিকে কাত হয়ে যায়। এ সময় এতে থাকা সকলেই আতংকিত হয়ে চিৎকার শুরু করে।
 
বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের এজিএম এসএম আশিকুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ঈদ উপলক্ষে ফেরিতে অতিরিক্ত যাত্রী ছিল। ফেরির পেছনের প্রপেলারে উপরের দিকে পেকিং খুলে গিয়ে ভিতরে পানি ঢুকে যায়। ফেরির তলা ছিদ্র হয়নি। এতে যাত্রী ও যানবাহনের কোন রকমের ক্ষয়-ক্ষতি হয়নি। ফেরির নিজস্ব পাম্প দিয়ে তাৎক্ষণিক পানি নিষ্কাশন করা হয়েছে।’