কুষ্টিয়ায় পুলিশের সঙ্গে ‌'বন্দুকযুদ্ধে' চরমপন্থি নিহত

কুষ্টিয়ার মিরপুরে পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির (এমএলএম লাল পতাকা) আঞ্চলিক কমান্ডার পলাশ মালিথা (২৮) নিহত হয়েছেন।
 
শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে কুষ্টিয়া-মেহেরপুর সড়কের পাশে মিরপুরের ভাঙ্গা বটতলা নামক স্থানে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে একটি শার্টারগান ও তিন রাউন্ড গুলি উদ্ধার করেছে।
 
নিহত পলাশ মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের খামারপাড়া গ্রামের আবু মালিথার ছেলে বলে জানা গেছে।
 
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী জালাল উদ্দিন জানান, শুক্রবার রাতে কুষ্টিয়া-মেহেরপুর সড়কের ভাঙ্গা বটতলা এলাকায় গাছ কেটে সড়কের ওপর ফেলে ১০/১২ জনের একটি চরমপন্থি সন্ত্রাসী দল ডাকাতির চেষ্টা চালাচ্ছে- এমন সংবাদ পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়।
 
পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে চরমপন্থি দলের সদস্যরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। এ সময় পুলিশও পাল্টা গুলি চালায়। প্রায় আধা ঘণ্টা বন্দুকযুদ্ধের একপর্যায়ে চরমপন্থি দলের সদস্যরা পালিয়ে যায়।
 
এ সময় পুলিশ ঘটনাস্থল তল্লাশি করে গুলিবিদ্ধ অবস্থায় পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টি (এমএলএম লাল পতাকা) আঞ্চলিক কমান্ডার পলাশকে উদ্ধার করে। সেখান থেকে একটি শার্টারগান ও তিন রাউন্ড গুলি উদ্ধার হয়। পরে পলাশকে মিরপুর হাসপাতালে নিলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
 
পুলিশ জানিয়েছে, পলাশ মালিথা একজন চরমপন্থি সন্ত্রাসী। তার বিরুদ্ধে কুষ্টিয়ার মিরপুর থানায় চারটি হত্যা মামলা, দু'টি অস্ত্র মামলা, দু'টি বোমাবাজি ও চাঁদাবাজিসহ ১০/১২টি মামলা রয়েছে।