রাজন হত্যায় আরও একজন গ্রেফতার

সিলেটে সামিউল আলম রাজনকে নৃসংশভাবে পিটিয়ে হত্যার সঙ্গে জড়িত অভিযোগে আরও একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এই নিয়ে ১৩ জনকে গ্রেফতার করা হলো এই মামলায়।
 
শনিবার ভোরে সদর উপজেলার কুমারগাঁও শেখপাড়া এলাকা থেকে আয়াজ আলী নামে ওই ব্যক্তিকে আটক করা হয়। 
 
মামলার তদন্ত কর্মকর্তা ও মহানগর গোয়েন্দা পলিশের পরিদর্শক সুরঞ্জিত তালুকদার এই তথ্য জানান।
 
আয়াজ আলী শেখপাড়ার বাসিন্দা। দুই সপ্তাহ আগে চুরির অভিযোগ তুলে কুমারগাঁওয়ে ১৩ বছরের রাজনকে পিটিয়ে হত্যার আসামিদের সবার বাড়ি এই এলাকায়।
 
সুরঞ্জিত সাংবাদিকদের বলেন, রাজন হত্যায় আয়াজ জড়িত রয়েছে- রিমান্ডে থাকা আসামিদের দেয়া তথ্যের ভিত্তিতে তাকে আটক করা হয়।