গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ভান্নারা এলাকায় পারিবারিক কলহের জের ধরে এক পাষণ্ড স্বামী তার স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করেছে। নিহতের নাম নাছরিন আক্তার (২৮)। তার স্বামী নূরুল ইসলাম। ঘটনার পর তিনি পলাতক রয়েছেন।
কালিয়াকৈর থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম জানান, শুক্রবার মধ্যে রাতে স্বামী ও স্ত্রীর মধ্যে সাংসারিক বিষয় নিয়ে কথা কাটাকাটি ও মনমালিন্য হয়। এক পর্যায়ে স্বামী নূরুল ইসলাম উত্তেজিত হয়ে তার স্ত্রী নাছরিন আক্তারকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি কোপায়। এতে ঘটনাস্থলেই নাছরিন মারা যান। ঘটনার পর থেকে ঘাতক স্বামী পলাতক রয়েছেন। খবর পেয়ে শনিবার সকাল ১০ টার দিকে পুলিশ ওই বাড়ি থেকে লাশ উদ্ধার করে গাজীপুরে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।