মাগুরা শহরের দোয়ারপাড় এলাকায় বৃহস্পতিবার আওয়ামী যুবলীগের দুই গ্রুপের সংঘর্ষের সময় গুলিবিদ্ধ আব্দুল মোমিন (৬২) শুক্রবার গভীর রাত একটার দিকে চিকিৎসাধীন অবস্থায় মাগুরা সদর হাসপাতালে মারা গেছেন। এই ঘটনায় পুলিশ একজনকে গ্রেফতার করেছে ।
মাগুরা সদর হাসপাতালের চিকিৎসক ডা. শফিউর রহমান জানান, শুক্রবার বিকালে আব্দুল মোমিনের শারীরিক অবস্থার অবনতি হলে তার শরীরে পুনরায় অস্ত্রপচার করা হয়। রাত একটার দিকে তার মৃত্যু হয়।
বৃহস্পতিবার বিকালে শহরের দোয়ারপাড়ের যুবলীগ কর্মী আজিবর ও মুহম্মদ আলী হোসেনের গ্রুপের সাথে অপর যুবলীগ কর্মী জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুল ভুইয়ার গ্রুপের সংঘর্ষ হয়। এসময় প্রতিপক্ষ গ্রুপ কামরুল ভুইয়ার বাড়িতে ঢুকে গুলি ছুড়লে কামরুলের বড় ভাই বাচ্চু ভুইয়ার স্ত্রী নাজমা বেগম, চাচা আব্দুল মোমিন ও মিরাজ হোসেন নামে আরও এক যুবক গুলিবিদ্ধ হন। তাদের সদর হাসপাতালে ভর্তি করা হলে শুক্রবার রাতে আব্দুল মোমিন মারা যান।
মাগুরার সিনিয়র সহকারী পুলিশ সুপার সুদর্শন কুমার রায় বলেন, গুলিবিদ্ধ আব্দুল মোমিন শুক্রবার গভীর রাত একটার দিকে মাগুরা সদর হাসপাতালে মারা গেছেন। এই ঘটনায় পুলিশ একজনকে গ্রেফতার করেছে । লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে । পুলিশ তদন্ত চালাচ্ছে।