অবরোধের সাড়ে ৬ ঘণ্টা পর চীন মৈত্রী বুড়িগঙ্গা প্রথম সেতুতে যান চলাচল শুরু হয়েছে। শনিবার বেলা আড়াইটার দিকে পরিবহন শ্রমিক ও চালকেরা তাদের অবরোধ তুলে নেয়।
বুড়িগঙ্গা প্রথম সেতু টোলমুক্ত সংগ্রাম পরিষদের আহ্বায়ক ইমদাদুল হোসেন জানান, সেতুতে অতিরিক্ত টোল আদায় করা হবে না, আগের নির্ধারিত টোলই আদায় হবে বলে মুন্সিগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তারা আশ্বাস দিয়েছেন। এর প্রেক্ষিতে অবরোধ তুলে নেয়া হয়েছে।
শনিবার সকাল আটটা থেকে টোল বাড়ানোর প্রতিবাদে ও টোলমুক্ত করার দাবিতে পরিবহন শ্রমিক ও চালকেরা সেতু অবরোধ করে রাখে। এ সময় ঢাকার সঙ্গে মুন্সিগঞ্জ, কেরানীগঞ্জ, খুলনা ও বরিশাল রুটের যান চলাচল বন্ধ ছিল। এতে সেতুর উভয় পাশেই যানজট সৃষ্টি হয়।