‘খালেদা জিয়ার নকল জন্মদিন পালন জাতীয় ঐক্যের অন্তরায়’


মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, ‘১৫ আগস্টে জাতির জনকের মৃত্যুবার্ষিকীতে বিএনপি নেত্রীর রাজনৈতিক উদ্দেশ্যে কথিত জন্মদিন পালন জাতীয় ঐক্যের প্রধান অন্তরায়।’

শনিবার সকালে গাজীপুরের কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগ আয়োজিত জাতির জনকের ৪০তম শাহাদৎ বার্ষিকী পালন উপলক্ষ্যে প্রাক-প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘জাতীয় শোক দিবসে জাতির জনকের প্রতি শ্রদ্ধা না জানিয়ে তিনি (খালেদা জিয়া) আনন্দ উৎসবে মেতে ওঠেন। এর মধ্যমে প্রকারান্তরে তিনি স্বাধীনতা বিরোধীদের খুশি করতে জাতির আবেগকে মূল্যায়ন না করে অপমান করছেন।

খালেদা জিয়ার উদ্দেশ্যে প্রতিমন্ত্রী বলেন, স্বাধীনতা বিরোধীদের সঙ্গ ত্যাগ করে গণতান্ত্রিক ধারার রাজনীতিতে ফিরে আসুন। জাতি আপনাকে তখন মূল্যায়ন করতে পারে। এই দিনে নকল জন্মদিন পালন না করে জাতীয় শোক দিবসে অংশ নিন। জাতি আপনার ইতিবাচক ও উদার মানসিকতাকে স্বাগত জানাবে।

বিএনপি চেয়ারপারসনকে এ ধরনের ‘বিকৃত মানসিকতা’ ত্যাগ করে সুস্থ ধারার রাজনীতি অনুসরণ করার আহ্বান জানান তিনি।

চুমকি বলেন, বিএনপি নেত্রী খালেদা জিয়ার হঠকারী রাজনীতির কারণে জাতীয় ঐক্য থমকে আছে। গণতান্ত্রিক ধারা অক্ষুণ্ন রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বাত্ত আহ্বানকেও তিনি অবমূল্যায়ন করেছেন। অগণতান্ত্রিক পন্থাকে বেছে নিয়ে জ্বালাও পোড়াও রাজনীতি করেছেন।

প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি ইসমাইল হোসেন। এতে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শাহ আলম দেওয়ান, উপজেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ মোয়াজ্জেম হোসেন পলাশ, আওয়ামী লীগ নেতা পরিমল চন্দ্র ঘোষ, স্বেচ্ছাসেব লীগ নেতা রফিকুল ইসলাম সিজু প্রমুখ।