রাজধানীতে ৭ অপহরণকারী গ্রেফতার

রাজধানীর তোপখানা রোডের বৈশাখী আবাসিক হোটেল এন্ড রেস্টুরেন্টে অভিযান চালিয়ে অপহরণকারী চক্রের সঙ্গে জড়িত সাতজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। শুক্রবার রাতে তাদের গ্রেফতার করা হয়। এ সময় অপহৃত মোঃ মোহাইমিনুল ইসলাম ওরফে আনামকে উদ্ধার করা হয়েছে। এছাড়া অপহরণকারীদের ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন- মোঃ শাহাদাৎ হোসেন, মোঃ শরিফ হোসেন, নিধন চন্দ্র দাস, মোঃ সেলিম, হোটেল বয় মোঃ আব্দুল  কাদের, বিকাশ এজেন্ট মালিক মোঃ নাছির উদ্দিন ও তার কর্মচারী মোঃ বাপ্পি।

শনিবার ঢাকা মহানগর পুলিশের মিডিয়া সেন্টারে এক সংবাদ ব্রিফিংয়ে ডিবি’র যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম এ তথ্য জানান।

তিনি জানান, গত ২২ জুলাই আদাবর থেকে মোহাইমিনুল ইসলাম নামের এক যুবক অপহৃত হন। ঐ হোটেলের কক্ষে তাকে আটক রেখে ১০লাখ টাকা মুক্তিপণ দাবি করে। প্রযুক্তি ব্যবহার করে শুক্রবার রাতে তাদের গ্রেফতার এবং অপহৃত যুবককে উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ।

দীর্ঘদিন যাবত হোটেলটি ব্যবহার করে অপহরণ ও মুক্তিপণ আদায় করা হচ্ছিল বলেও জানান তিনি।