ঈদুল ফিতরের পর পুঁজিবাজারে লেনদেনের প্রথম সপ্তাহেই আশার সঞ্চার হয়েছে। গেল সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন বেড়েছে গাণিতিক হারে। লেনদেন শুরুর প্রথম দিন ৫০০ কোটি টাকার কম লেনদেন হলেও পরের দুই দিন লেনদেন হয়েছে যথাক্রমে ৭০০ কোটি ও ৮০০ কোটি টাকারও বেশি। ফলে আগের সপ্তাহের তুলনায় লেনদেন বেড়েছে ২৮ দশমিক ৮৮ শতাংশ। লেনদেন বৃদ্ধি পাওয়ায় বাজার সংশ্লিষ্টরা এ সপ্তাহকে আশার সঞ্চার সৃষ্টি হওয়ার দিক হিসেবে বিবেচনা করছেন।
ডিএসইর তথ্য অনুযায়ী, গত সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছে ২ হাজার ২১ কোটি ৭৮ লাখ ৭০ হাজার টাকা। আর দৈনিক গড় লেনদেন হয়েছে ৬৭৩ কোটি ৯২ লাখ টাকা। অপর দিকে, আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১ হাজার ৫৬৮ কোটি ৭৪ লাখ টাকার। গড় লেনদেন ছিল ৫২২ কোটি ৯১ লাখ টাকার। সে হিসেবে লেনদেন বেড়েছে ৪৫৩ কোটি ৪ লাখ ৬৯ হাজার টাকার। লেনদেন বাড়ার এ হার ২৮ দশমিক ৮৮ শতাংশ। প্রসঙ্গত, সরকারি ছুটি থাকার কারণে গেল দুই সপ্তাহেই লেনদেন হয়েছে তিন দিন করে।
জানা গেছে, গত সপ্তাহে লেনদেনের শীর্ষে ছিল লাফার্জ সুরমা সিমেন্ট। কোম্পানিটির লেনদেন হয়েছে ১৩৮ কোটি ৭৬ লাখ ৭৯ হাজার টাকার, যা আগের সপ্তাহের তুলনায় সাড়ে ৯ শতাংশ বেশি। গত সপ্তাহে ডিএসইর মোট লেনদেনের ৬ দশমিক ৮৬ শতাংশই লাফার্জ সুরমা সিমেন্ট ঘিরে হয়েছে।
এ দিকে, স্পট মার্কেট থেকে মূল মার্কেটে ফিরেই লেনদেনে চমক দেখিয়েছে শাহজিবাজার পাওয়ার কোম্পানি। গত সপ্তাহে এ কোম্পানি ঘিরে দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে। আগের সপ্তাহের তুলনায় কোম্পানিটির লেনদেন বেড়েছে সাড়ে ১৭ শতাংশ। আর তৃতীয় স্থানে রয়েছে এসিআই।
এ দিকে, গেল সপ্তাহে দর বৃদ্ধির শীর্ষে ছিল ইসলামী ব্যাংক। এসময় ইসলামী ব্যাংকের শেয়ার দর বেড়েছে প্রায় সাড়ে ৩২ শতাংশ। আর দর কমার শীর্ষে ছিল প্রাইম ইসলামী লাইফ ইন্সুরেন্স। কোম্পানিটির শেয়ারদর কমেছে প্রায় ১৩ শতাংশ।