আনবারে প্রাণহানি সত্ত্বেও এগোচ্ছে ইরাকি বাহিনী

 
ইরাকের আনবার প্রদেশে আইএসের (ইসলামিক স্টেট) চালানো আত্মঘাতী হামলায় বহু প্রাণহানি সত্ত্বেও এগোচ্ছে ইরাকি বাহিনী। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় শুক্রবার এক বিবৃতিতে এ কথা জানিয়েছে। খবর আলজাজিরার।
 
মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, আনবার প্রদেশের কাছে আল-থরথর এলাকায় স্থল অভিযানে অগ্রগতি হয়েছে।
 
বিবৃতিতে বলা হয়েছে, অভিযানকালে সামরিক বাহিনীর সঙ্গে একত্রিত হয়ে লড়াই করা শিয়া পপুলার মোবিলাইজেশন ফোর্সের (পিএমএফ) অন্তত ১৫ যোদ্ধা নিহত হয়েছেন এবং পুঁতে রাখা ৭০টি বোমার বিস্ফোরণ ঘটেছে।
 
এ সময় ইরাকি বাহিনীর চালানো বিমান হামলায় আইএসের ৪৭ যোদ্ধা নিহত হয়েছে বলেও উল্লেখ করা হয়েছে।
 
ইরাকি সেনাবাহিনীর সূত্রে আলজাজিরা জানিয়েছে, অভিযানকালে আইএস সদস্যদের চালানো দুটি আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৭৭ সেনা সদস্য নিহত হয়েছে। এ ছাড়া চার বেসামরিক নাগরিক নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে।
 
এর আগে গত বৃহস্পতিবার আনবারের ফাল্লুজায় আইএসের চালানো সিরিজ আত্মঘাতী গাড়িবোমা হামলায় ইরাকি সামরিক বাহিনী ও পিএমএফের মোট ১১৩ সদস্য নিহত এবং ১০৬ জন আহত হয়।
 
এ দিকে, রামাদি শহরের পুনর্দখল নিতে মার্কিন সেনাবাহিনীর কাছে প্রশিক্ষণপ্রাপ্ত ইরাকি সেনাদের নামানো হয়েছে। মার্কিন পররাষ্ট্র দফতর পেন্টাগনের মুখপাত্র কর্নেল স্টিভ ওয়ারেন জানিয়েছেন, প্রায় ৩ হাজার প্রশিক্ষিত সৈন্য অভিযানে অংশ নিয়েছে।