গৃহযুদ্ধকবলিত ইয়েমেনের বন্দর শহর এডেনের বন্ধ হয়ে যাওয়া বিমানবন্দরে দুটি সৌদি বিমান অবতরণ করেছে।
শুক্রবার অবতরণ করা বিমান দুটি বিমানবন্দরটি ফের চালু করতে যেসব যন্ত্রপাতি দরকার তা নিয়ে এসেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে সৌদি মালিকানাধীন আল আরাবিয়া টেলিভিশন।
ইয়েমেনের গৃহযুদ্ধ শুরুর পর থেকে ৪ মাস ধরে বিমানবন্দরটির কার্যক্রম বন্ধ ছিল।
ইয়েমেনের অধিকাংশ স্থান দখল করে নেয়া ইরান-সমর্থিত হুতি বিদ্রোহী ও দেশটির সাবেক প্রেসিডেন্ট আলি আব্দুল্লাহ সালেহর অনুগত সেনারা মার্চ-এপ্রিলে বিমানবন্দরসহ এডেনের অধিকাংশ এলাকা দখল করে নিয়েছিল।
১৪ জুলাই সৌদি সমর্থিত ইয়েমেনের নির্বাসিত সরকার অনুগত বাহিনীগুলো বিমানবন্দরটি পুনর্দখল করে। সরকার সমর্থক বাহিনী হুতিদের এডেন এবং এর আশপাশের এলাকা থেকেও হটিয়ে দিয়েছে।
২০১৪ সালের সেপ্টেম্বর হুতিদের হাতে রাজধানী সানার পতন হলে দেশটির প্রেসিডেন্ট আব্দ রাব্বু মনসুর হাদি পালিয়ে এডেনে আশ্রয় নিয়েছিলেন। পরে এডেনের পতন হলে মন্ত্রিসভাসহ তিনি সৌদি আরবের রাজধানী রিয়াদে আশ্রয় নেন। এখন তার অনুগত বাহিনী এডেন পুনর্দখল করায় মন্ত্রিসভার সদস্যরা ধীরে ধীরে ফিরতে শুরু করেছেন।
৪ মাস ধরে চলা গৃহযুদ্ধ ও সৌদি নেতৃত্বাধীন আরব জোট বাহিনীর বিমান হামলায় দেশটিতে সাড়ে তিন হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন। পাশাপাশি অঞ্চলটিতে খাদ্য, ওষুধ ও জ্বালানির তীব্র সংকট তৈরি হয়েছে।
রসদের অভাবে এডেনে তীব্র মানবিক সংকট সৃষ্টি হয়েছে। এ পরিস্থিতিতে বিমানবন্দরটি চালু হলে জরুরি মানবিক ত্রাণ সরবরাহে নতুন গতি তৈরি হবে বলে ধারণা করা হচ্ছে।