আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের ২টি ইউনিট বন্ধ

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানির ৬৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা সম্পন্ন ইউনিট-২ শনিবার যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হয়ে গেছে।
 
এরই মধ্যে ত্রুটি মেরামত করতে দীর্ঘ এক মাসের জন্য বন্ধ করা হয়েছে নবনির্মিত ২২৫ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন কম্বাইন্ড সাইকেল ইউনিটটি। ওই দুটি ইউনিট বন্ধ থাকায় জাতীয় গ্রিডে ২৮৯ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ হ্রাস পেয়েছে। প্রায় ১২ শ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন এ বিদ্যুৎ কেন্দ্রের ১১টি ইউনিটের মধ্যে সচল ছয়টি ইউনিটে বর্তমানে উৎপাদন হচ্ছে ৭৫০ মেগাওয়াট বিদ্যুৎ।
 
আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানির ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মোহাম্মদ সাজ্জাদুর রহমান জানান, ২নং ইউনিটের মোটরটির ত্রুটি চিহ্নিত করে মেরামত শুরু করা হয়েছে। তবে তা কবে নাগাদ উৎপাদনে কাজে লাগানো যাবে তা বলা যাচ্ছে না।