সুপ্রিম কোর্ট খুলছে আজ

ঈদুল ফিতর উপলক্ষে দুই সপ্তাহের অবকাশ শেষে আজ রবিবার থেকে সুপ্রিম কোর্টের কার্যক্রম শুরু হচ্ছে। গত ১২ জুলাই থেকে এ অবকাশ শুরু হয়। তবে অবকাশকালীন সময়ে জরুরি বিষয় নিষ্পত্তির জন্য অবকাশকালীন বেঞ্চ ছিল। এ সময় বেশ কিছু মামলায়র আদেশও হয়েছে।
 
এদিকে, চলতি সপ্তাহে সর্বোচ্চ আদালতে গুরুত্বপূর্ণ মামলা নিষ্পত্তির জন্য ধার্য রয়েছে। এর মধ্যে রয়েছে মানবতাবিরোধী অপরাধের দায়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন (সাকা) কাদের চৌধুরীর আপিল মামলা। সাকা চৌধুরীর মৃত্যুদণ্ডাদেশের বিরুদ্ধে করা আপিল শুনানি শেষে গত ৭ জুলাই এক আদেশে চলতি সপ্তাহের ২৯ জুলাই রায় ঘোষণার তারিখ ধার্য করে দিয়েছেন আপিল বিভাগ।