রাজধানীর গুলশানে নিজের শটগানের গুলিতেই আহত হয়েছেন আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এর এক সদস্য। ওই পুলিশ সদস্যের নাম মো. মঞ্জুরুল ইসলাম (২৩)।
শনিবার দিবাগত রাত পৌণে তিনটায় গুলশান এক নম্বর এলাকার ব্রিজের পাশে পুলিশ চেকপোস্টে এ ঘটনা ঘটে।
তার সহকর্মী পুলিশ সদস্য মো. জাহিদ হোসেন জানান, রাতে তারা ডিউটি করছিলেন। হঠাৎ গুলির শব্দ শুনতে পেয়ে তিনি এগিয়ে যান। পরে দেখতে পান মঞ্জুরুল ইসলামের থুতনিতে গুলি লেগেছে।
গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) ফেরদাউস বিশ্বাস জানান, কর্তব্য পালনের সময় শনিবার রাত আড়াইটার পর নিজের শটগান থেকে অসাবধানতাবশত গুলি ছুটে পুলিশ সদস্য মো. মঞ্জুরুল ইসলামের থুতনিতে গিয়ে লাগে।
তিনি আরও জানান, তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) স্থানান্তর করা হয়।