ছাত্রলীগের নেতৃত্ব নির্বাচনে কাউন্সিলরদের ভোট গ্রহণ শুরু হয়েছে। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে রবিবার বেলা সোয়া ১১টায় ভোটগ্রহণ শুরু হয়।
ছাত্রলীগের নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, সভাপতি পদের জন্য বৈধ ৬৪ প্রার্থীদের মধ্যে ৪৯ জন প্রার্থিতা প্রত্যাহার করায় এখন ১২ জন প্রার্থী রয়েছেন। আর সাধারণ সম্পাদক পদের জন্য ১৪২ জন প্রার্থীর মধ্যে ১০২ জন প্রার্থিতা প্রত্যাহার করায় এখন ২৮ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ছাত্রলীগের বর্তমান সভাপতি এইচ বদিউজ্জামান সোহাগ, সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম, সংগঠনটির সাবেক নেতারা এবং আসন্ন নতুন কেন্দ্রীয় কমিটি নির্বাচনের জন্য গঠিত নির্বাচন কমিশনের সদস্যরা সকালে প্রার্থী যাচাই-বাছাই করেছেন।