‘বিবাহিত পুরুষরা বেশি আত্মহত্যাপ্রবণ’

 
ভারতে বিবাহিত নারীদের চেয়ে পুরুষরা দ্বিগুণ আত্মহত্যাপ্রবণ হয়ে উঠছেন। বিবাহ বিচ্ছেদ কিংবা স্ত্রীর মৃত্যুসহ নানা কারণে হঠাৎ করেই আত্মহত্যা করে বসছেন পুরুষরা। রবিবার টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
 
ভারতের জাতীয় অপরাধ নথিভুক্তকরণ ব্যুরোর (এনসিআরবি) পরিসংখ্যানে দেখা গেছে, গত বছর ভারতের বিভিন্ন রাজ্যে পারিবারিক অশান্তির কারণে আত্মহত্যা করেছেন ৬০ হাজার বিবাহিত পুরুষ। একই সময়ে পারিবারিক অশান্তির জেরে আত্মহত্যা করেছেন ২৭ হাজার নারী।
 
সেখানে দেখা গেছে, স্ত্রীর মৃত্যুর পর গত বছর ভারতে কমপক্ষে এক হাজার ৪০০ পুরুষ আত্মহত্যা করেছেন। অন্যদিকে বিধবাদের ক্ষেত্রে এই সংখ্যা ছিল এক হাজার ৩০০ জন। আর এছাড়া বিবাহ বিচ্ছেদজনিত কারণে আত্মহত্যা করেছেন সাড়ে ৫৫০ জন পুরুষ ও ৪১০ জন নারী।
 
পরিসংখ্যানে দেখা গেছে, গত বছর সারা ভারতে আত্মহত্যা করা মোট মানুষদের মধ্যে ৬৬ শতাংশই ছিলেন বিবাহিত। আর অবিবাহিতদের আত্মহত্যার হার ছিল ২১ শতাংশ।
 
দেখা গেছে, গত বছর কমপক্ষে ৯০ হাজার পুরুষ নানা কারণে আত্মহত্যা করেছেন। একই সময়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন ৪২ হাজার নারী। এর আগের বছরগুলোতেও আত্মহত্যা করার দিক দিয়ে পুরুষরাই এগিয়ে ছিল।
 
এনসিআরবি বলছে, পারিবারিক অশান্তির কারণে পুরুষরা বেশি আত্মহত্যা প্রবণ হয়ে উঠেছে। শুধুমাত্র এই সমস্যার কারণে ২০১৪ সালে ১৮ হাজার পুরুষ আত্মহত্যা করেছেন। আর একই কারণে প্রাণ গেছে ৯ হাজার ৯০০ নারীর। এছাড়া অসুস্থতার কারণে ১৮ শতাংশ মানুষ আত্মহত্যা করেছে। সেখানেও নারীদের চেয়ে পুরুষদের আত্মহত্যা করার ঘটনা বেশি। সূত্র: টাইমস অব ইন্ডিয়া।