দিলশানের মাইলফলক, রান পাহাড়ে লঙ্কানরা

 
রান আউট না হলে হয়তো হাম্বানতোতায় ওয়ানডে ক্যারিয়ারের ২৩তম সেঞ্চুরিটি পেয়েই যেতেন তিলকরত্নে দিলশান। সেটা না পেলেও মঙ্গলবার পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ শেষ ওয়ানডেটা স্মরণীয়ই হয়ে রইবে এই শ্রীলঙ্কানের কাছে। ইতিহাসের মাত্র একাদশতম খেলোয়াড় হিসেবে ওয়ানডেতে দশ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন দিলশান।
 
তার এই অর্জনের দিনটাকে ব্যাট হাতে স্মরণীয় করে রেখেছেন লঙ্কান সতীর্থরা। জ্বলে উঠেছিলেন প্রত্যেকেই। তাদের মিলিত সাফল্যে নির্ধারিত ৫০ ওভার শেষে লঙ্কানরা পৌঁছে যায় ৩৬৮ রানে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত পাকিস্তান ব্যাটিং শুরু করেছিল।
 
সেঞ্চুরি থেকে ৩৮ রান দূরে থাকতে আউট হয়ে গেলেও দিলশানের দশ হাজার পূর্ণ করতে প্রয়োজন ছিল ৫৪ রান। ফলে শচীন টেন্ডুলকার, কুমার সাঙ্গাকারাদের সাথে একই তালিকায় নাম লেখানে অসুবিধা হয়নি তার। সিরিজের পঞ্চম ও শেষ ওয়ানডেতে হাম্বানতোতার মাহিন্দ রাজাপাকশে ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল সফরকারী পাকিস্তান ও স্বাগতিক শ্রীলঙ্কা।
 
দিলশান রান আউট হয়েছেন ৭০ বলে ৬৩ রান করে। সেই সুবাদে ওয়ানডে ক্রিকেটে তার বর্তমান রান সংখ্যা ১০, ০০৮। এ জন্য তাকে খেলতে হয়েছে ৩১৯টি ওয়ানডে ম্যাচ।
 
ইতিহাসের একাদশতম আর শ্রীলঙ্কা চতুর্থ ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে ১০ হাজার রান করার গৌরব অর্জন করলেন দিলশান। তার আগে শ্রীলঙ্কার পক্ষে এই ক্লাবে নাম লিখিয়েছেন সনাত জয়াসুরিয়া, মাহেলা জয়াবর্ধনে ও কুমার সাঙ্গাকারা; যারা ইতোমধ্যে সাবেক হয়ে গিয়েছেন। ফলে বর্তমান খেলোয়াড়দের মধ্যেই তিনিই শীর্ষে।
 
শুধু লঙ্কানদের নয়, সব মিলেও বর্তমান খেলোয়াড়দের মধ্যে এই তালিকায় সবার উপরে আছেন দিলশান।
মোট ১৮, ৪২৬ রান (৪৬৩) নিয়ে ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ রানের মালিক হয়ে রয়েছেন ভারতের ‘লিটল মাস্টার’ শচিন টেন্ডুলকার। ওয়ানডেতে এরপর ১০ হাজারী ক্লাবে নাম লেখার অপেক্ষায় থাকা ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে এগিয়ে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ড্যাশিং ওপেনার ক্রিস গেইল। ২৬৯ ম্যাচে তার সংগ্রহ ৯,২২১ রান।
 
এদিকে, গত রবিবার স্বাগতিকদের বড় সংগ্রহে মূল ভূমিকা ছিল পেরেরার, ১১৬ রান করেন তিনি। ওয়ানডেতে এটি তার দ্বিতীয় শতক। ১০৯ বলের ইনিংসটিতে ৯টি চার ও ৪টি ছক্কা মারেন উদ্বোধনী এই ব্যাটসম্যান।
 
পেরেরা ও দিলশানের ওভারপ্রতি ৬-এর বেশি তোলা ১৬৪ রানের উদ্বোধনী জুটিতেই মূলত বড় ইনিংসের ভিত গড়ে টস জিতে ব্যাট করতে নামা শ্রীলঙ্কা। পরে পঞ্চম উইকেটে অধিনায়ক ম্যাথিউস ও মিলিন্দা শ্রিবর্ধনের মারমুখী ব্যাটিংয়ে সাড়ে তিনশ' ছাড়ায় দলটি। শেষ ৯.১ ওভারে ১২.৪৩ গড়ে অবিচ্ছিন্ন ১১৪ রানের জুটি গড়ে তারা।
 
ম্যাথিউস ৪০ বলে ৮টি চার ও ২টি ছক্কায় ৭০ রান করেন। আর শ্রিবর্ধনে ২৬ বলে ৪টি চার ও ৩টি ছক্কায় ৫২ রান করেন। পাকিস্তানের রাহাত আলি ৭৪ রানে ২ উইকেট নেন। প্রথম চার ম্যাচের তিনটিতে জিতে এরই মধ্যে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজে জয় নিশ্চিত করেছে পাকিস্তান।