জাপানে টাইফুন হালোলার আঘাত



জাপানের প্রধান দ্বীপগুলোর একটিতে শক্তিশালী টাইফুন আঘাত হেনেছে। এর ফলে সৃষ্ট প্রবল বাতাস ও প্রচণ্ড বৃষ্টিপাতের কারণে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় এ দ্বীপপুঞ্জে অভ্যন্তরীণ রুটের অনেক ফ্লাইট বাতিল করা হয়েছে।

তবে টাইফুন হালোলার আঘাতে এখন পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি।

আবহাওয়া সংস্থা জানায়, স্থানীয় সময় রবিবার সন্ধ্যা ৭টার দিকে জাপানের পশ্চিমাঞ্চলীয় কিয়োশু দ্বীপের সাসিবোর কাছে টাইফুন হালোলা আঘাত হেনেছে। এ সময় ঘন্টায় বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিল ১০৮ কিলোমিটার।

আবহাওয়া সংস্থা এ অঞ্চলে প্রচন্ড ঝড় ও উচ্চ সামুদ্রিক ঢেউয়ের হুঁশিয়ারি জারি করেছে। তবে সোমবার ভোর নাগাদ এ ঝড়ের প্রচন্ডতা কমে আসবে বলে ধারণা করা হচ্ছে।
আবহাওয়া সংস্থা আরো জানায়, টাইফুনটি ঘন্টায় ৩৫ কিলোমিটার বেগে জাপানের এ দ্বীপপুঞ্জ বরাবর উত্তরপূর্ব দিকে অগ্রসর হচ্ছে।

স্থানীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, এ টাইফুনের কারণে শনিবার বাধ্য হয়ে জাপানের অল নিপ্পন এয়ারওয়েজ এবং জাপান এয়ারলাইন্স ওকিনাওয়া ও এর পার্শ্ববর্তী দ্বীপপুঞ্জে ৭০টিরও বেশী ফ্লাইট বাতিল করে। এতে প্রায় ১৫ হাজার যাত্রী ক্ষতিগ্রস্ত হয়।

-বাসস