পুঁজিবাজারে দর সংশোধন অব্যাহত


ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টানা নয় কর্মদিবস সার্বিক মূল্য সূচক ২৮২ পয়েন্ট বাড়ার পর গত দুই দিনে কিছুটা দর সংশোধন হয়েছে। সূচক কমার পাশাপাশি বাজারের লেনদেনও কমে গেছে। সোমবার ডিএসইর লেনদেন আগের দিনের তুলনায় প্রায় ১৪ শতাংশ কমে গেছে।

তথ্যে দেখা গেছে, সোমবার ডিএসই’র ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) ১১ পয়েন্ট কমে ৪ হাজার ৭৭৫ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএস-৩০ মূল্য সূচক ৭ পয়েন্ট কমে ১ হাজার ৮৬৯ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৬৪৮ কোটি ২৩ লাখ টাকা। যা আগের কর্মদিবসের চেয়ে ১০৬ কোটি ৬৫ লাখ টাকা কম। লেনদেনকৃত ৩১৮টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১১১টির, কমেছে ১৬১টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৬টি কোম্পানির শেয়ারের।

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্য সূচক আগের দিনের চেয়ে ৩৭ পয়েন্ট কমে ১৪ হাজার ৬২৬ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হয়েছে ৪৬ কোটি ৪৭ লাখ টাকা। যা আগের কর্মদিবসের চেয়ে ৭ কোটি টাকা কম। লেনদেনকৃত ২৪৩টি কো¤পানির মধ্যে দাম বেড়েছে ৮৩টির, কমেছে ১৩১টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টি কোম্পানির শেয়ারের।

ডিএসই জানিয়েছে, পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আরএকে সিরামিক তার সহযোগী দুই কোম্পানিতে বিনিয়োগ বাড়াবে। কোম্পানি দুটির শতভাগ মালিকানা নিয়ে নিবে আরএকে সিরামিক। অন্যদিকে একটি সহযোগী প্রতিষ্ঠানের মালিকানা ছেড়ে দিবে কোম্পানিটি।

জানা গেছে, আরএকে পাওয়ারে মালিকানা ৫৭ শতাংশ থেকে ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানো হবে। প্রতিটি ১০০ টাকা মূল্যের ৮ লাখ ৮১ হাজার ৫০০টি শেয়ার কেনা হবে। ২৫৫ টাকা দরে কেনা হবে এ শেয়ার। এর জন্য ব্যয় হবে ২২ কোটি ৪৭ লাখ ৮২ হাজার ৫০০ টাকা। এছাড়া আরএকে সিকিউরিটি অ্যান্ড সার্ভিসেসে বর্তমানে ৩৫ শতাংশ মালিকানা আছে আর্থএকে সিরামিকসের। এটি বাড়িয়ে ১০০ শতাংশ করা হবে।

আরএকে সিরামিক এই কোম্পানির ১০০ টাকা মূল্যের ৬ হাজার ৫০০ শেয়ার কিনবে। প্রতি শেয়ার কিনতে হবে ২ হাজার ৮৭৫ টাকা দরে। এর জন্য ব্যয় হবে ১ কোটি ৮৬ লাখ ৮৭ হাজার ৫০০ টাকা। আর আরএকে সিরামিকের সহযোগী প্রতিষ্ঠান আরএকে পেইন্টসের ২৪ লাখ ৬৭ হাজার ৫০০ শেয়ার বিক্রি করবে।  কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালক একরামুজ্জামান ৯০ টাকা দরে এই শেয়ার কিনে নেবে। শেয়ার বিক্রি  থেকে আরএকে সিরামিক ২২ কোটি ২০ লাখ ৭৫ হাজার টাকা পাবে। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন এবং শেয়ারহোল্ডারদের সম্মতি নিয়েই এ প্রক্রিয়া সম্পাদন করা হবে।