'বিহার থেকে বিজেপির মূলোৎপাটন করা হবে'

 
বিহারের সাবেক মুখ্যমন্ত্রী ও রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি) প্রধান লালু প্রসাদ যাদব বলেছেন, বিহার থেকে প্রধানমন্ত্রী মোদীর দল বিজেপির মূলোত্পাটন করা হবে। মোদীর আক্রমণের জবাবে লালু বলেন, নরেন্দ্র মোদী নিজেই তো 'কালীয় নাগ' এবং সে পুরো বিহারকে বিষিয়ে তুলছে। রবিবার পাটনায় দিনব্যাপী এক অবস্থান কর্মসূচির উদ্বোধনের পর তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
 
গত শনিবার বিহারের মুজাফ্ফরপুরে বিজেপির জনসভায় শ্রীকৃষ্ণের কালীয় নাগ দমনের কথা উল্লেখ করে বিরোধী শিবির তথা লালুকে কঠোর ভাষায় আক্রমণ করেন মোদী। পরদিন তার জবাবে লালু রীতিমতো চ্যালেঞ্জের সুরে জানিয়ে দেন, বিহারে তিনি কিছুতেই বিজেপিকে সরকার গঠন করতে দেবেন না এবং এ রাজ্য থেকে বিজেপির শেকড় উপড়ে ফেলা হবে। তিনি উল্টো প্রধানমন্ত্রী মোদী পুনরায় কালনাগ হিসেবে জন্ম নিয়েছেন উল্লেখ করে বলেন, তার বিষে পুরো বিহার আজ জর্জরিত।
 
রবিবার সকালে পাটনার গান্ধী ময়দানে টমটমে চেপে হাজির হন লালু। জাতিগত শুমারির তথ্য প্রকাশের দাবিতে সেখানে অনশনে বসেন তিনি।
 
এসময় লালু মোদীর স্মার্ট সিটির পরিকল্পনার কঠোর সমালোচনা করে বলেন, দেশের মানুষ স্মার্ট সিটি নয়, স্মার্ট চাকরি চায়। দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ ভূমিহীন ও বেকার উল্লেখ করে লালু প্রসাদ যাদব বলেন, মোদী উন্নয়ন নিয়ে কথা বললেও আসলে তিনি লাইনচ্যুত হয়েছেন। তিনি বলেন, দেশের মানুষ তাদের জাতিগত সংখ্যাটি জানতে চায় এবং সে অনুপাতে তারা তাদের ন্যায্য সুযোগ-সুবিধা ভোগ করতে চায়। একই দাবিতে গতকাল বিহারে ধর্মঘটও ডেকেছে আরজেডি। এদিন লালুর অবস্থান কর্মসূচিতে কিছুক্ষণের জন্য হাজির হয়ে কেন্দ্রের বিরুদ্ধে আক্রমণ করেন জেডিইউ নেতা শারদ যাদবও। নৈতিকভাবে তিনি ধর্মঘটের প্রতিও সমর্থন জানান। সূত্র: এনডিটিভি