যুক্তরাষ্ট্রে পুলিশি হেফাজতে নিহতের শেষকৃত্য সম্পন্ন

 
পুলিশ হেফাজতে নিহত আফ্রিকান আমেরিকান তরুণী স্যান্ড্রা ব্লান্ডের শেষকৃত্য শিকাগোতে সম্পন্ন হয়েছে। এদিন শত শত মানুষ পুলিশের নিষ্ঠুরতা ও বর্ণবৈষম্যের প্রতিবাদ জানান।
 
ট্রাফিক আইনের সামান্য লঙ্ঘনের কারণে গত ১০ জুলাই ২৮ বছর বয়সী স্যান্ড্রা ব্লান্ডকে আটক করে পুলিশ। এর তিনদিন পর কারাগারের কক্ষে তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। পুলিশের সাথে অসদাচরণের অভিযোগ আনা হয়েছিল স্যান্ড্রার বিরুদ্ধে।
 
ময়না তদন্তের রিপোর্ট বলছে, স্যান্ড্রা আত্মহত্যা করেছেন। তবে আত্মহত্যার ব্যাপারে সংশয় প্রকাশ করেছেন তার পরিবার। বন্ধু ও পরিবারের সদস্যরা তাকে সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার একজন প্রতিবাদী কণ্ঠস্বর হিসেবে অভিহিত করে কি কারণে তার মৃত্যু হল তা উদঘাটনের প্রত্যয় ব্যক্ত করেন।
 
IMG0
 
তুচ্ছ কারণে স্যান্ডর গ্রেফতার ও পুলিশি হেফাজতে মৃত্যুর পর মুখ খুলেছেন যুক্তরাষ্ট্রের প্রথম আফ্রিকান আমেরিকান নারী অ্যাটর্নি জেনারেল। তিনি বলেন, জেলখানায় স্যান্ড্রার 'আত্মহত্যা' এবং তাকে গ্রেফতারের ভিডিও চিত্র শ্বেতাঙ্গ পুলিশের মুখোমুখি হতে কৃষ্ণাঙ্গদের ভয় বাড়িয়ে দিবে। এবিসি নিউজকে দেয়া সাক্ষাত্কারে তিনি বলেন, ঘটনাটি এই ধারণাকে আরো দৃঢ় করবে যে পুলিশ শ্বেতাঙ্গদের প্রতি যতটা ভদ্র আচরণ করে কৃষ্ণাঙ্গদের প্রতি সেরূপ করে না।
 
শত শত মানুষ তার শেষকৃত্যে অংশ নেন। রাস্তায় লেন পরিবর্তন করার সময় সিগন্যাল না দেয়ার মত তুচ্ছ ঘটনা গায়ে হাত তোলা ও গ্রেফতারের দিকে গড়ানোর পেছনে পুলিশের বর্ণবাদী মনোভাবকে দায়ী করেন তারা। সূত্র: আল জাজিরা