বিজেপির ওয়েবসাইট হ্যাক, ভারতকে উচিত শিক্ষা দেওয়ার হুমকি

হ্যাকারদের কবলে পড়েছে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) অফিসিয়াল ওয়েবসাইট। মঙ্গলবার (৫ মার্চ) সকালে ওয়েবসাইটটি হ্যাক করা হয়। এদিন সকালে নিজেদের ওয়েবসাইটটি হ্যাক করা হয়েছে বলে নিশ্চিত করেছে দলটি। পাশাপাশি হ্যাকারদের পক্ষ থেকে কাশ্মীর নিয়ে হুমকিও দেওয়া হয়েছে। হ্যাক হওয়া ওয়েবসাইটটি উদ্ধারের জন্য কাজ করছে বিজেপির আইটি সেল।

এদিকে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পুলওয়ামায় হামলার উত্তেজনার জেরে পাকিস্তানি হ্যাকাররাই ওয়েবসাইটটি হ্যাক করে থাকতে পারে বলে ধারণা করছে বিজেপি। হ্যাকারদের পক্ষ থেকে কাশ্মীর নিয়ে হুমকিও দেওয়া হয়েছে ভারত সরকারকে। হুমকিতে বলা হয়, কাশ্মীর নিয়ে কঠোর অবস্থানে থাকা ভারত সরকার নিজেদের অবস্থান থেকে না সরলে উচিত শিক্ষা দেওয়া হবে। তবে কে বা কারা এবং কোথা থেকে ওয়েবসাইটটি হ্যাক করা হয়েছে সে বিষয়ে এখনও কোনো সঠিক কোনো তথ্য জানানো হয়নি দলের পক্ষ থেকে।

জানা যায়, বার বার চেষ্টা করেও খোলা যায়নি হ্যাক হওয়া ওয়েবসাইটটি। এদিকে ওয়েবসাইটের হোম পেজে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে আপত্তিকর মন্তব্য দেখা গেছে। এছাড়াও মোদির একটি ভিডিও বিকৃত করা হয়েছে। ওয়েভসাইট হ্যাকের বিষয়টি সামনে আসতেই তড়িঘড়ি করে কাজ শুরু করে বিজেপির আইটি সেল। পরে ওয়েবসাইটটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। এরপরই শুরু হয় প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্য মুছে ফেলার কাজ। তবে সবকিছু ঠিক হয়ে গেলেই আবারও সাইটটি সক্রিয় হয়ে যাবে বলে বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে।

আরো পড়ুন:  স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ, খালেদা জিয়ার সুচিকিৎসায় আশাবাদী বিএনপি

উল্লেখ্য, গত ১৪ ফেব্রুয়ারি কাশ্মীরের পুলওয়ামাতে আত্মঘাতী জঙ্গি হামলায় ৪৩ জনের বেশি ভারতীয় জওয়ান নিহত হয়। এ হামলাকে কেন্দ্র করে ভারত পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনা সৃষ্টি হয়। এই হামলার জবাব দিতে পাকিস্তানের সীমানা ভেদ করে ২৬ ফেব্রুয়ারি বালাকোটে হামলা চালায় ভারতীয় সেনাবাহিনী। ভারতের দাবি হামলায় অন্তত ৩০০ জঙ্গি নিহত হয়েছে। তবে ভারতের এমন দাবি প্রত্যাখান করে পাকিস্তান।

এর পাল্টা জবাবে ২৭ ফেব্রুয়ারি ভারতীয় সীমানায় ঢুকে পড়ে পাকিস্তানের যুদ্ধবিমান। এদিনেই ভারতের দুইটি বিমান ভূপাতিত করে পাকিস্তান, আটক করে ভারতীয় পাইলট অভিনন্দনকে। শুক্রবার অভিনন্দনকে ভারতের কাছে হস্তান্তর করে পাকিস্তান।

ইত্তেফাক/জেডএইচডি