বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান বলেছেন, বাংলাদেশে সিলড সোর্সের নিরাপদ ব্যবহার ও সুরক্ষায় অত্যন্ত জোর দেয়া হচ্ছে। ওয়ার্কশপের মাধ্যমে এ ক্ষেত্রে আরো জোরালো ভূমিকা নেয়া যাবে।
সোমবার রাজধানী ঢাকায় বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ’র (বিএইআরএ) মিলনায়তনে ‘বিশ্ব সিলড সোর্স ইনভেন্টরি (ডাব্লিউএসএসআই)’ শীর্ষক ৫ দিনব্যাপী এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী।
বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (বিএইআরএ) ও আইএইএ’র যৌথ উদ্যোগে এ কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে। বাংলাদেশ পরমাণূ শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান প্রফেসর ড. নঈম চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আইএইএ’র বিশেষজ্ঞ ড. মোহাম্মদ মাগরাফি কর্মশালায় রিসোর্স পারসন হিসাবে সিলড সোর্সের নিরাপদ ব্যবহারের নানাদিক তুলে ধরেন।
বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের বিজ্ঞানী ও প্রকৌশলীসহ দেশের বিভিন্ন মেডিকেল, শিল্প প্রতিষ্ঠান, কৃষি, গবেষণা ও শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৭০ জন প্রশিক্ষণার্থী এ কর্মশালায় অংশগ্রহণ করছেন।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।
এতে জানানো হয়, বাংলাদেশে চিকিৎসা, শিল্প প্রতিষ্ঠান, কৃষি, গবেষণা ও শিক্ষা ইত্যাদি ক্ষেত্রে বিভিন্ন ধরণের সিলড সোর্স ব্যবহৃত হয়ে থাকে। সিলড সোর্সসমূহের ব্যবহার, নিরাপত্তা ইত্যাদি বিষয়ের উপর এই ওয়ার্কশপে পর্যালোচনা করা হবে এবং এ বিষয়ে ৩টি টেকনিক্যাল ভিজিট ও তাত্ত্বিক ক্লাসের মাধ্যমে প্রশিক্ষণার্থীদের বাস্তব জ্ঞান প্রদান করা হবে।
পাশাপাশি সিলড সোর্সসমূহের ইনভেন্টরি তৈরি করে যুগোপযোগী সুপারিশমালা প্রণয়ন করা হবে। যার মাধ্যমে জনসাধারণ ও পরিবেশের জন্য বিকিরণ নিরাপত্তাকে আরও শক্তিশালী করা যাবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।