আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উদ্দেশ করে বলেছেন, তত্ত্বাবধায়ক বা অন্য কোন সরকার ব্যবস্থা নয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে ২০১৯ সালের আগে নির্বাচন হবে না। এর আগে নির্বাচনের নামে দেশে সহিংসতা সৃষ্টি করলে তার ফল ভালো হবে না।
তোফায়েল আহমেদ বলেন, ৫ জানুয়ারির নির্বাচন না হলে দেশে সামরিক শাসন কায়েম হতো। খালেদা জিয়া রাজনীতির হিসাব মানেন না। নির্বাচন ব্যাহত করতে তিনি দেশে আন্দোলনের নামে অনেক বাবা-মাকে পুত্র হারা করেছেন। অনেক বোনকে ভাই হারা করেছেন। ২৪ জন পুলিশ হত্যা করেছেন। রাশেদ খান মেনন বলেন, মৌলবাদী শক্তি বিএনপির সঙ্গে মিলে গণতন্ত্র-স্বাধীনতা ও সার্বভৌমত্ব ধবংসের পরিকল্পনা করছে। দেশকে জঙ্গিবাদ ও সন্ত্রাসীদের হাত থেকে রক্ষা করতে মুক্তিযুদ্ধের পক্ষের সকল শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে। শেখ শহীদুল ইসলাম বলেন, ১৪ দল ঐক্যবদ্ধ থাকায় সরকার গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে সক্ষম হয়েছে। এখন সুশাসন প্রতিষ্ঠা করতে হবে। দিলীপ বড়ুয়া বলেন, অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে ১৪ দলের শরীক নেতাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।