আফ্রিকার চাদ হ্রদের তীরবর্তী এলাকায় বোকো হারামের কয়েকদফা হামলায় কমপক্ষে ১৬ জন নিহতের খবর জানিয়েছে রয়টার্স। খবরে বলা হয়েছে, এদের মধ্যে ১৩ জন সন্দেহভাজন জঙ্গি রয়েছে আর বাকি তিনজন বেসামরিক লোক।
সোমবার চাদের নিরাপত্তা বাহিনীর সূত্র এ খবর জানিয়েছে। এছাড়া হ্রদের নিকটবর্তী গ্রাম কাতিকিনে থেকে প্রায় ৩০ জনকে জঙ্গিরা ধরে নিয়ে গেছে, এদের অপহরণ করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
অপহৃতদের চারটি স্পিডবোটে করে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয় বলে অজ্ঞাত সূত্রে জানা গেছে।
নাইজেরিয়ার উত্তরাঞ্চলে একটি খলিফা শাসিত ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য লড়াই করছে বোকো হারাম। গোষ্ঠীটি সিরিয়া ও ইরাকের বিশাল অংশ দখল করে নেওয়া ইসলামিক স্টেটের (আইএস) অনুগত্য ঘোষণা করে নিজেদের ইসলামিক স্টেটের পশ্চিম আফ্রিকা প্রদেশ (আইএসডব্লিউএপি) বলে পরিচয় দিচ্ছে।