কিছুদিন আগে শোনা গিয়েছিল ‘কিক’ পরিচালক সাজিদ নাজিদওয়ালা বলিউডের তিন খানকে নিয়ে ছবি পরিচালনা করছেন। কিন্তু পরে সালমান জানিয়েছিলেন, একসঙ্গে তিনখানকে নিয়ে ছবি বানানোর সামর্থ্য বলিউডের কোনো পরিচালকের নেই। তবে এবার শোনা যাচ্ছে, ইয়াশ রাজ বস আদিত্য চোপড়া সালমান খান ও শাহরুখ খানকে একসঙ্গে ক্যামেরাবন্দী করতে যাচ্ছেন।
মঙ্গলবার এক সূত্রের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, আদিত্য চোপড়া দুইজনকেই রাজি করাতে সক্ষম হয়েছেন এবং নিজের পরিচালনায় দুই খানকে অভিনয় করাতে চাচ্ছেন।
ভেতরের খবর, এর আগে এই ছবিতে রণবীর সিংয়ের ব্যাপারে ভাবা হচ্ছিল। আদিত্য মনে করছেন, একছবিতে শাহরুখ ও সালমান অভিনয় করলে বক্স অফিসে তা ব্যাপক সাড়া ফেলবে। তাই রণবীরের জায়গায় সালমানকে চুক্তিবদ্ধ করার জন্য সিদ্ধান্ত নিয়েছেন আদিত্য। এরই মধ্যে শাহরুখ ছবিতে কাজ করতে সম্মতি জানিয়েছেন।
নির্মাতা প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্কিত একটি সূত্র জানিয়েছে, ২০১৬ সালের শেষের দিকে রোমান্টিক থ্রিলার ধাঁচের ছবিটিতে দুই খান কাজ শুরু করবেন।
সূত্রটি আরো জানিয়েছে, ছবির স্ক্রিপ্ট তৈরি হয়ে গেছে ও দুইজনই এটি পছন্দ করেছে। তবে নায়িকার বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি। আদিত্য আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয়ার পর বিস্তারিত জানা যাবে। তবে শাহরুখের কাছের একটি সূত্র এই খবর উড়িয়ে দিয়েছে।
২০০২ সালে ‘সর্বশেষ হাম তুমহারে হ্যায় সানাম’ ছবিতে শাহরুখ খান ও সালমান খান একসঙ্গে অভিনয় করেছিলেন। সূত্র: এনডিটিভি।