ঢাকায় শুরু হয়েছে জেলা প্রশাসকদের সম্মেলন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার সকাল ১০টায় তার কার্যালয়ের শাপলা হলে তিনদিনের এ সম্মলনের উদ্বোধন করেন।
সরকারের বিভিন্ন কর্মসূচি ও অগ্রাধিকার সম্পর্কে ধারণার পাশাপাশি নীতি নির্ধারকদের কাছ থেকে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা পেতে এই সম্মেলনের আয়োজন করা হয়।
পরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সভাকক্ষে জেলা প্রশাকদের সঙ্গে মুক্ত আলোচনায় অংশ নেন শেখ হাসিনা। জেলা প্রশাসকদের সঙ্গে ছবিও তোলেন তিনি।
সম্মেলনের প্রথম দিনে মোট পাঁচটি কার্য-অধিবেশন রয়েছে। দ্বিতীয় দিনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাত করবেন জেলা প্রশাসকরা। এর বাইরে আটটি কার্য-অধিবেশন হবে।
সম্মেলনের তৃতীয় ও শেষ দিনে পাঁচটি কার্য-অধিবেশন ছাড়াও রয়েছে সমাপনী অধিবেশন।
গতকাল সোমবার মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূঁইঞা সাংবাদিকদের জানান, ডিসি সম্মেলনে আলোচনার জন্য বিভাগীয় কমিশনারদের মাধ্যমে জেলা প্রশাসকরা ২৫৩টি প্রস্তাব পাঠিয়েছেন।
এবার ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সবচেয়ে বেশি- ২৫টি এবং জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত ২৪টি প্রস্তাব এসেছে।