ঢাকার সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালের সাততলা থেকে নবজাতক ফেলে হত্যার দায় স্বীকার করেছেন তার বাবা। মঙ্গলবার সাভার মডেল থানার তদন্ত কর্মকর্তা এসআই আসাদুজ্জামান এই তথ্য জানান।
এর আগে সোমবার হত্যার ঘটনায় দায়েরকৃত মামলায় নবজাতকের বাবা ফজল হক ও ফজলের ফুফু শাশুড়ি জোবেদাকে গ্রেফতার করা হয়।
এনাম মেডিকেল কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, গত ৬ জুলাই অসুস্থ অবস্থায় ঐ নবজাতককে হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার উন্নতি হলে আইসিইউ থেকে গত বুধবার তাকে সাততলার কেবিনে স্থানান্তর করা হয়। রবিবার রাতে নবজাতকের সঙ্গে তার বাবা ফজল হক, বাকপ্রতিবন্ধী মা নুরুন্নাহার ও নুরুন্নাহারের ফুফু জবেদা বেগম ছিলেন। সোমবার সকালে বাচ্চা পাওয়া যাচ্ছে না এমন খবর জানালে, খোঁজাখুঁজির পর নবজাতককে চারতলার ছাদ থেকে উদ্ধার করা হয়। পরে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।
এই ঘটনায় জড়িত সন্দেহে ফজল ও জোবেদকে গ্রেফতার করা হয়। পরে ফজলের শ্বশুর নুরুল হক মামলা করলে তাদের গ্রেফতার দেখানো হয়।
এসআই আসাদুজ্জামান বলেছেন, ফজল নিজের সন্তানকে হত্যার দায় স্বীকার করেছে। বিষয়টি আরো তদন্ত করে দেখা হচ্ছে।