পূর্ব-পশ্চিম নাট্যদলের আমন্ত্রণে ৩১ জুলাই কলকাতা যাচ্ছে নাট্যদল প্রাঙ্গণেমোর। কলকাতার একাডেমি অব ফাইন আর্টস মিলনায়তনে আগামী ১ আগস্ট শনিবার দলটি তাদের ‘রক্তকরবী’ নাটকের ৪৪তম মঞ্চায়ন করবে।
‘রক্তকরবী’ রবীন্দ্রনাথ ঠাকুরের একটি রূপক-সাংকেতিক নাটক। অনেকের মতে এটি রবীন্দ্রনাথের শ্রেষ্ঠ নাটক। নাটকের ঘটনাবলী যক্ষপুরী নামক স্থানে সংঘটিত হতে দেখা যায়। যক্ষপুরীর রাজাকে লোকে মকররাজ নামে ডাকে। রাজা সাধারনত মানুষের সামনে আসেন না। রাজমহলের বাইরের দেয়ালের একটি জানালা দিয়ে তিনি লোকের সঙ্গে কথাবার্তা বলে থাকেন।
নাটকে আরও দেখা যায় যক্ষপুরীর প্রজারা বেশিরভাগই দরিদ্র খেটে খাওয়া মানুষ। কিন্তু তারা কেউ ভয়ে রাজার কাছে নিজেদের অভাব অভিযোগের কথা বলতে পারে না। এমন পরিস্থিতিতে আবির্ভাব ঘটে নন্দিনী নামের এক নারীর। নন্দিনী এই দেশের অদ্ভুত নিয়ম কানুন দেখে আশ্চর্য হয়। সে রাজার সঙ্গে কথা বলতে চায়। নাটকের শেষে দেখা যায় নন্দিনী তার ভালোবাসা ও আন্তরিকতা দিয়ে সবার মন জয় করে এবং যক্ষপুরীতে ঘটে যায় বৈপ্লবিক পরিবর্তন।
নাটকটিতে অভিনয় করেছেন- নূনা আফরোজ, অনন্ত হিরা, রামিজ রাজু, আউয়াল রেজা, শিশির রহমান, পলাশ, জসিম, সরোয়ার সৈকত, সাগর, রিগ্যান, সুমী, শুভেচ্ছা, মনির, শুভ, সুজয়, চৈতী, সোহাগ।