মিরসরাই ট্রাজেডি: সাজা খেটে মুক্তি পেলেন ট্রাকচালক

 
চট্টগ্রামের মিরসরাইয়ে ট্রাক উল্টে ৪৫ জনের মৃত্যুর ঘটনায় সাজাভোগ শেষে মুক্তি পেয়েছেন ট্রাকচালক মফিজুর উদ্দিন। মঙ্গলবার সকাল ১১টার দিকে তাকে মুক্তি দেয়া হয়। চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার মনিরুল ইসলাম এই তথ্য জানান।
 
২০১১ সালের ৮ ডিসেম্বর মিরসরাই ট্র্যাজেডির ঘটনায় দায়েরকৃত দুটি ধারার মামলায় চট্টগ্রাম জেলার জ্যেষ্ঠ বিচারিক হাকিম ফরিদা ইয়াছমিন মফিজকে মোট পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দেন। এছাড়া তাকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও নয় মাসের কারাদণ্ড দেয়া হয়।
 
মনিরুল ইসলাম জানান, জেল কোড অনুযায়ী সশ্রম কারাদণ্ডের ক্ষেত্রে মোট সাজার এক চতুর্থাংশ মওকুফ হয়। মওকুফ সময় বাদ দিয়ে মূল সাজা শেষে জরিমানা অনাদায়ের সাজা শুরু হয়েছিল মফিজের। ২০ হাজার টাকা জরিমানা পরিশোধের কাগজপত্র আদালতের মাধ্যমে সোমবার রাতে কারাগারে আসলে মঙ্গলবার সকালে তাকে ছেড়ে দেয়া হয়।
 
২০১১ সালের ১১ জুলাই মিরসরাইয়ের স্কুলছাত্রদের বহনকারী একটি মিনিট্রাক উল্টে রাস্তার পাশের ডোবায় পড়ে গেলে ৩৯ জন নিহত হয়েছেন। পরে হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় আরো ছয়জন মারা যায়। এ ঘটনায় মায়ানি ইউনিয়ন চেয়ারম্যান কবির নিজামী মফিজকে আসামি করে মিরসরাই থানায় মামলা করেন। পরে পুলিশ ঐ বছরের ২১ জুলাই বরিশাল থেকে মফিজকে গ্রেপ্তার করে।