‘ভারত এক মহান সন্তানকে হারালো’

 
ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভা সাবেক রাষ্ট্রপতি ও খ্যাতিমান পরমাণুবিজ্ঞানী এ পি জে আব্দুল কালামের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে একটি প্রস্তাব পাস করেছে। প্রস্তাবে বলা হয়েছে, ভারত ‘একজন দূরদৃষ্টিসম্পন্ন বিজ্ঞানী, একজন সত্যিকারের দেশপ্রেমিক ও এক মহান সন্তানকে’ হারাল।
 
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভাপতিত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে সাবেক এ রাষ্ট্রপতির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করা হয়েছে।
 
এ পি জে আবদুল কালাম গতকাল সোমবার ভারতের মেঘালয় রাজ্যের শিলং শহরের একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৮৩ বছর। ব্যক্তিগত জীবনে তিনি অবিবাহিত ছিলেন। খুব সহজ সরল অনাড়ম্বর জীবনযাপন করতেন তিনি।
 
কালামের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের পর পার্লামেন্টের উভয় কক্ষ আজকের জন্য মুলতবি হয়ে যায়। লোকসভার অধিবেশন আগামী ৩০ জুলাই ফের বসবে। আগামীকাল কালামের দাফন অনুষ্ঠানে আইনপ্রণেতাদের যোগদানের সুবিধার্থে লোকসভা এ উদ্যোগ নিয়েছে। তবে রাজ্যসভা আগামীকাল বসবে।
 
কালামের মৃত্যুতে সরকার সাত দিনের শোক ঘোষণা করেছে।
 

সাবেক এ রাষ্ট্রপতিকে আগামীকাল তার জন্মস্থান তামিলনাড়ুর রামেশ্বরমে দাফন করা হবে। মন্ত্রিসভার বৈঠকের পর সরকারের বিভিন্ন সূত্র জানিয়েছে, পরিবারের সদস্যদের অনুরোধে তাকে রামেশ্বরমে দাফন করা হচ্ছে।