মত্স্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হক বলেছেন, মিঠা পানির মত্স্য উত্পাদনে বাংলাদেশ বিশ্বে চতুর্থ অবস্থানে রয়েছে। মঙ্গলবার জাতীয় মত্স্য সপ্তাহ-২০১৫ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন।
মোহাম্মদ ছায়েদুল হক বলেন, বাংলাদেশ অভ্যন্তরীণ মুক্ত জলাশয় থেকে মত্স্য উত্পাদনে বিশ্বে চতুর্থ স্থানে রয়েছে।
তিনি বলেন, বাংলাদেশে এখন বছরে ৩৫ লাখ মেট্রিক টন মাছ উত্পাদন হয়। ১৬ কোটি মানুষের চাহিদা ৪২ লাখ টন মাছ। শিগগিরই আমরা মাছের চাহিদা পূরণ করতে পারব।
মন্ত্রী বলেন, ২০১৫ সালের মধ্যে সরকার বিশ লাখ জেলেকে পরিচয়পত্র দেবে।
মঙ্গলবার শুরু হওয়া এই মত্স্য সপ্তাহের কর্মসূচি চলবে ৩ অগাস্ট পর্যন্ত। এবার প্রতিপাদ্য ঠিক করা হয়েছে ‘সাগর নদী সকল জলে, মাছ চাষে সোনা ফলে।’