ভার্জিনিয়ায় যৌনকর্মীর গুলিতে 'সিরিয়াল কিলার' নিহত

যুক্তরাষ্ট্রের ওয়েস্ট ভার্জিনিয়ায় এক যৌনকর্মীর গুলিতে নিল ফলস (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

চার্লেস্টনের পুলিশ জানায়, নিহত ফলসের পকেটে ‘হত্যা তালিকা’ পাওয়া গেছে। এ থেকে ধারণা করা যায়, এবার সে ঐ যৌনকর্মীকে তার লক্ষ্য করতে চেয়েছে। তাছাড়া তার জুতার মধ্যে ছুরি, ম্যাচ, আবর্জনা ফেলার ব্যাগ ইত্যাদি পাওয়া গেছে। খবর বিবিসির।

ঐ যৌনকর্মী পুলিশকে জানান, অনলাইনে বিজ্ঞাপন দেখে নিল ফলস নামে ঐ ব্যক্তি তার বাড়িতে আসে এবং তখনই বিপত্তিটি ঘটে। তাকে প্রতিরোধ করতে যেয়ে বিষয়টি এক পর্যায়ে সহিংসতায় রূপ নেয়। ধ্বস্তাধ্বস্তির এক পর্যায়ে ফলসের কাছে থাকা বন্দুক নিয়ে তাকে গুলি করেন তিনি।

ঐ নারী স্থানীয় সংবাদ স্টেশন কেপিটিভি’কে জানায়, ঐ ব্যক্তি অনেকবার হাজতবাস করেছে বলে তাকে জানায়। তাতেই আমি বলতে পারি, এর আগেও সে অনেক খুন করেছে এবং আমাকেও সেদিন হত্যা করার উদ্দেশ্যেই এসেছিল।  

ওহিও এবং নেভাডায় আর কোন হত্যাকাণ্ডের সাথে ঐ ব্যক্তির সংশ্লিষ্টতা আছে কি না সেটি খতিয়ে দেখছে পুলিশ।  

ফলস ২০০০-২০০৭ সাল পর্যন্ত নেভাডায় বসবাস করত। ঐ সময় হাইওয়েতে তিনজন যৌনকর্মীর ছিন্নভিন্ন মৃতদেহ পাওয়া যায়। এছাড়া সাম্প্রতিক সময়ে চার্লেস্টনের চিলিকোথে চারজন নারী নিহত এবং দুইজন নিখোঁজ রয়েছে বলে জানা গেছে।