আবারও বিতর্কে জড়ালেন আনুশকা শর্মা। ভারতের সাবেক রাষ্ট্রপতি এপিজে আবদুল কালামের ভুল নাম লিখে শ্রদ্ধা জানাতে গিয়ে সমালোচনায় পড়েছেন তিনি।
গোটা ভারত যখন প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আবদুল কালামের প্রয়াণে শোকে কাতর, তখন দেখা গেল সদ্য প্রয়াত এই ভারতরত্নের নামটাই জানেন না আনুশকা!
টুইটার অ্যাকাউন্টে আনুশকা টুইটে প্রথম লেখেন, ‘এবিজে কালাম আজাদের মৃত্যুর খবরে শোকাহত।’ এর পরপরই সমালোচনা ঝড় ওঠে সামাজিক যোগাযোগের মাধ্যমে। ভুল শুধরে আগের টুইট মুছে আনুশকা দ্বিতীয়বার শোক জানান। কিন্তু আবারও ভুল- ‘এপিজে কালাম আজাদ।’ তৃতীয়বারে গিয়ে অবশ্য আনুশকা ঠিক নামটি লেখেন।
তবে ঝড় থামছে না টুইটারে। শুধু টুইটার নয়, সামাজিক যোগাযোগের অন্যসব মাধ্যমগুলোতে চলছে সমালোচনার ঝড়। একজন এপিজে কালাম প্রথমত একজন ভারতরত্ন, তারপর একজন দেশ বরেণ্য বিজ্ঞানী। এমনকি তিনি ছিলেন ভারতের রাষ্ট্রপতিও। তার মতো এমন জনপ্রিয় ও বহুল পরিচিত মানুষের নাম না জানাটাকে আনুশকার অপরাধ বলেই গণ্য করছেন ভারতীয়রা। এ ঘটনায় আনুশকাকে নিয়ে সমালোচনা হচ্ছে দেশটির গণ্যমাধ্যমেও।