চালু রাখা হবে কালামের টুইটার অ্যাকাউন্ট

 
ভারতের সদ্য প্রয়াত সাবেক রাষ্ট্রপতি এপিজে আবদুল কালামের টুইটার অ্যাকাউন্ট সহসাই বন্ধ করা হচ্ছে না। নতুন রূপে চলবে এটি৷ প্রয়াত রাষ্ট্রপতির এক জন ঘনিষ্ঠ সহযোগী সিদ্ধান্ত নিয়েছেন, ‘ইন মেমরি অফ ড. কালাম’ নামে তার অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টটি চালু রাখা হবে।
 
কালামের ঘনিষ্ঠ সহযোগী সৃজন পাল সিং টুইট করে জানিয়েছেন, ‘ড. কালামের অমর স্মৃতিতে টুইটার অ্যাকাউন্টটি চালানো হবে৷ তার চিন্তাধারা, শিক্ষা এবং স্বপ্ন, সবই তাতে তুলে ধরার চেষ্টা করা হবে৷ স্যার, আমরা আপনাকে মিস করছি!’
 
ওই অ্যাকাউন্টে কালামের বিভিন্ন ভাষণ সেইসঙ্গে ‘উইংস অফ ফায়ার’, ‘ইন্ডিয়া ২০২০’ এবং ‘ইগনাইটেড মাইন্ডস’ এর মতো বই থেকে উদ্ধৃতি তুলে দেওয়া হবে৷
 
প্রসঙ্গত, ড. কালাম ও সৃজন পাল সিংয়ের যৌথভাবে লেখা ‘অ্যাডভান্টেজ ইন্ডিয়া’ বইটি এবছরেই প্রকাশিত হবে৷ সূত্র: এনডিটিভি