ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান পরিবেশের ভারসাম্য রক্ষা এবং গ্রামীণ জনগোষ্ঠীর আত্মনির্ভরশীলতা অর্জনে অধিক হারে বিভিন্ন ধরনের চারা গাছ রোপণের জন্য সকলের প্রতি আহবান জানিয়েছেন।
মঙ্গলবার সকালে জেলার টাউন হল মাঠে বন ও কৃষি সম্প্রসারণ বিভাগ এবং জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে আয়োজিত সপ্তাহব্যাপী বৃক্ষ রোপণ অভিযান এবং বৃক্ষ মেলা-২০১৫ ’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ আহবান জানান তিনি।
অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল আহাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিভাগীয় বন কর্মকর্তা গোবিন্দ রায় ও কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক আলতাবুর রহমান।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্যান বিদ্যা বিভাগের শিক্ষক অধ্যাপক আব্দুর রহিম পরিবেশগত অবনতি এবং মানব জীবন ও সম্পদের ওপর তার মারাত্মক বিরূপ প্রভাবের কথা উল্লেখ করে অনুষ্ঠানে মুল বক্তব্য উপস্থাপন করেন।
মতিউর রহমান বলেন, পরিবেশগত ভারসাম্যহীনতার কারণে প্রায় প্রতি বছর প্রাকৃতিক বিপর্যয় ঘটে এবং এ প্রাকৃতিক বিপর্যয় আমাদের দেশে এবং বিশ্বের নানা দেশের চরম দুর্দশা বয়ে আনে।
তিনি বলেন, পরিস্থিতি মোকাবেলা করার জন্য জরুরিভাবে জনগণের মধ্যে সচেনতা তৈরি করতে হবে এবং প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করতে হবে। তাই প্রাকৃতিক বিপর্যয় মোকাবেলার জন্য বৃক্ষ রোপণের কোন বিকল্প নেই।
আওয়ামী লীগের এ নেতা আরো বলেন, সরকার যে কোন ধরনের প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করার জন্য বিভিন্ন ধরনের কর্মসূচি বাস্তবায়ন করে আসছে। তিনি বাড়ির আঙ্গিনায় এবং খালি জমিতে ফলদ বৃক্ষ এবং ভেষজ গাছের চারা রোপণের জন্য সকলের প্রতি অনুরোধ জানান।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে মতিউর রহমান বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং মেলায় অংশ গ্রহণকারী সকলকে ধন্যবাদ জানান। পরে তিনি সরকারি ল্যাবরেটরি স্কুল ক্যাম্পাসে গাছের চারা রোপণ করেন।
মেলায় মোট ৩০টি স্টল অংশগ্রহণ করছে। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মেলা চলবে। আগামী ৩ আগস্ট সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে মেলার সমাপ্তি ঘটবে।