প্রথমবারের মতো টয়োটার বিক্রিকে ছাড়িয়ে গেল ভক্সওয়াগন। গত জানুয়ারি থেকে জুন পর্যন্ত জার্মান কোম্পানিটি ৫০ লাখের বেশি গাড়ি বক্রি করেছে যা জাপানের টয়োটার চেয়েও বেশি। এর ফলে ২০০৮ সালের পর প্রথমবারের মতো গাড়ি বিক্রির সংখ্যায় জাপানি কোম্পানিটিকে অন্য কেউ ছাড়াল।
গত বৃহস্পতিবার টয়োটা জানিয়েছিল, ২০১৪ সালের তুলনায় এবছর তাদের গাড়ি বিক্রি ১ দশমিক ৫ শতাংশ কমে গেছে, উদীয়মান বাজারে বিক্রি কমে যাওয়াকে এর জন্য দায়ী করেছে কোম্পানিটি।
আগেই টয়োটাকে পেছনে ফেলার পরিকল্পনার কথা জানিয়েছিল অডি ও পোরশের মতো লাক্সারি ব্র্যান্ডের মালিক ভক্সওয়াগন। ২০১৮ সালে লক্ষ্য অর্জনের পরিকল্পনা হাতে নিয়ে কাজ শুরু করেছিল তারা। তার তিন বছর আগেই কাঙ্ক্ষিত অবস্থানে পৌঁছে গেল এই জার্মান জায়ান্ট।
২০০৮ সালে টয়োটার কাছে হার স্বীকার করার আগে প্রায় সাত দশক ধরে শীর্ষ গাড়ি নির্মাতার মুকুট ধরে রেখেছিল মার্কিন কোম্পানি জেনারেল মোটরস। সূত্র: বিবিসি