খালেদা জিয়াকে জঙ্গিবাদি গোষ্ঠীর সঙ্গ ছাড়তে হবে: মেনন

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন এমপি বলেছেন, ‘নির্বাচনের প্রশ্নে বেগম জিয়ার বোধোদয় যথেষ্ট নয়, গণতান্ত্রিক রাজনীতিতে ফিরে আসতে তাকে জঙ্গিবাদ সম্পর্কে যথেষ্ট কথা বলতে হবে।’
 
মঙ্গলবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে মুক্তিযুদ্ধের মহান সংগঠক ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির প্রতিষ্ঠাতা সভাপতি কমরেড অমল সেনের জন্মশতবর্ষে বছরব্যাপী কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।  
 
রাশেদ খান মেনন বলেন, ‘বেগম খালেদা জিয়া এখন আর তত্ত্বাবধায়ক সরকার চান না। কেবল নিরপেক্ষ নির্বাচন চান। কিন্তু সেই নির্বাচনের জন্য তাকে ২০১৯ সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। তখন সব দলের অংশগ্রহণেই নির্বাচন হবে। কেবল জামায়াত-জঙ্গিগোষ্ঠী ছাড়া।’
 
মেনন বলেন, ‘বাংলাভাইয়ের ফাঁসিপূর্ব জবানবন্দিতেই বিএনপি নেতাদের সঙ্গে জঙ্গিবাদের সম্পর্কটি প্রমাণিত। বাংলাদেশে সেই জঙ্গিরাই বিভিন্নভাবে তৎপরতা চালানোর চেষ্টা করছে। এসব জঙ্গিগোষ্ঠীর সঙ্গে বিএনপির সম্পর্ক কি তা পরিষ্কার করতে হবে।’
 
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে পার্টির সাধারণ সম্পাদক কমরেড ফজলে হোসেন বাদশা এমপি, ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরোর সদস্য কমরেড বিমল বিশ্বাস, কমরেড নূরুল হাসান, কমরেড ইকবাল করীর জাহিদ, কমরেড মনোজ কুমার সাহা, কামরুল আহসান, আমিনুল ইসলাম গোলাপ, কমরেড মুস্তফা লুৎফুল্লাহ-এমপি, কমরেড শেখ হাফিজুর রহমান-এমপিসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
 
উল্লেখ্য, কমরেড অমল সেন ১৯১৪ সালের ১৯ জুলাই নড়াইল সদর উপজেলার আউড়িয়া গ্রামে জন্মগ্রহণ করেন। ২০০৩ সালের ১৭ জানুয়ারি বার্ধক্যজনিত কারণে ঢাকা কমিউনিটি হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।