কেন্দ্রীয় ব্যাংকে নতুন ৪ বিভাগ

 
নতুন করে আরও চারটি বিভাগ গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। বিদ্যমান বিভিন্ন বিভাগ থেকে আলাদা করে ও একটি সেলকে বিভাগে রূপান্তর করে এসব বিভাগ গঠন করা হয়েছে। আর গ্রিন ব্যাংকিং অ্যান্ড সিএসআর বিভাগের নাম পরিবর্তন করে সাসটেইনেবল ফাইন্যান্স নামকরণ করা হয়েছে। ব্যাংকের পরিধি বেড়ে যাওয়া ও পরিবর্তিত পরিস্থিতির আলোকে এ সব বিভাগ করা হয়েছে বলে জানা গেছে।
 
নতুন চারটি বিভাগ গঠনের বিষয়ে অভ্যন্তরীণ প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এখন এসব বিভাগে লোকবল পদায়নের কাজ চলছে। পদায়ন শেষে বিভাগগুলোর কাজ কী হবে, ব্যাংকগুলোকে সেখানে কোনো ধরনের রিপোটিং করতে হবে কিনা, সে বিষয়ে শিগগিরই নতুন প্রজ্ঞাপন জারি হবে।
 
নতুন বিভাগগুলোর মধ্যে ‘আর্থিক প্রতিষ্ঠান পরিদর্শন বিভাগ’ ব্যাংক-বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের পরিদর্শনে কাজ করবে। আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ এবং ব্যাংক পরিদর্শন বিভাগ-২-এর একটি অংশ নিয়ে নতুন এ বিভাগ করা হয়েছে। কেন্দ্রীয় ব্যাংক শক্তিশালীকরণ ইউনিট পুনর্গঠন করে ‘ফাইন্যান্সিয়াল সেক্টর সাপোর্ট অ্যান্ড স্ট্রাজেজিক প্লানিং বিভাগ’ করা হয়েছে। কৃষি ঋণ ও আর্থিক সেবাভুক্তি বিভাগ থেকে ফাইন্যান্সিয়াল ইনক্লুশন বিভাগ করা হয়েছে। এ ছাড়া, কেন্দ্রীয় ব্যাংকের ব্যয় ব্যবস্থাপনায় গঠিত এক্সপেন্ডিচার ম্যানেজমেন্ট বিভাগকে ১ ও ২ নামে আলাদা দু’টি বিভাগে রূপান্তর করা হয়েছে।