গাংনীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

মেহেরপুরের গাংনীতে সড়ক দুর্ঘটনায় বোরহান উদ্দীন (৪০) নামের এক জুতা ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহত বোরহান গাংনী উপজেলার ভবানীপুর গ্রামের (বর্তমানে বামন্দী বাজার নিবাসী) রেজাউল হকের ছেলে ও বামন্দী শহরের বোরহান সু স্টোরের স্বত্ত্বাধিকারী।

আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে ভবানীপুর-বামন্দী সড়কের রামনগর বাজার মোড়ে সড়ক দুর্ঘটনায় নিহতের ঘটনা ঘটে।

স্থানীয় যুবক পাভেল জানান, বোরহান তার গ্রামের বাড়ি ভবানীপুর থেকে মোটরসাইকেলযোগে বামন্দী শহরের দিকে আসছিলেন। তিনি রামনগর বাজার মোড়ের কাছে পৌঁছানো পর মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে ছিটকে পড়েন। এ সময় গুরুতর আহত বোরহান ঝুঁকি সামাল দিয়ে নিজে মোটরসাইকেল চালিয়ে বামন্দীস্থ বাড়িতে আসে। এরপর বেলা সাড়ে বারটার দিকে তার অবস্থা গুরুতর হলে তাকে প্রথমে বামন্দী গ্রামীণ ক্লিনিকে ও পরে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তার শারীরিক অবস্থা আরও অবনতি হলে সেখান থেকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান বোরহান।

আরও পড়ুন: ‘দিনে কাজ করি, রাইতে পড়ি, পইড়া পুলিশ অইতে চাই'

গাংনী থানা সূত্র ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।

ইত্তেফাক/কেকে