চট্টগ্রামে আন্তর্জাতিক ক্লাব ফুটবল

 
চট্টগ্রামে আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট আয়োজনের কথা অনেক দিন ধরেই চলছে। এবার বোধহয় গতি আসছে টুর্নামেন্ট আয়োজনের কার্যক্রমে।
 
আন্তর্জাতিক ক্লাব গোল্ডকাপ ফুটবল ফুটবল টুর্নামেন্ট হবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শেখ কামালের নামে। টুর্নামেন্টে আয়োজনের জন্য মঙ্গলবার সকালে বাফুফে সভাপতি কাজী সালাহউদ্দিনের সাথে বৈঠক হয়েছে।
 
চট্টগ্রাম আবাহনী আন্তর্জাতিক ক্লাব চ্যাম্পিয়নশিপ আয়োজনের উদ্যোগ নিয়েছে। বাফুফে এই টুর্নামেন্ট আয়োজনে সব সহযোগিতা করবে বলে বৈঠক সূত্রে জানা গেছে। চট্টগ্রাম আবাহনীর মহাসচিব সামশুল হক চৌধুরী , ফুটবল কমিটির চেয়ারম্যান নুরুল আমিন গুলশানে সালাহউদ্দিনের বাসায় বৈঠক করেন।
 
টুর্নামেন্ট আয়োজনের জন্য পৃষ্ঠপোষক সংগ্রহ করা এবং দলগুলোর দায়-দায়িত্ব সব কিছুই পালন করবে চট্টগ্রাম আবাহনী। আর ক্লাবগুলোকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানাবে বাফুফে। অক্টোবরে টুর্নামেন্ট আয়োজন করতে চায় চট্টগ্রাম আবাহনী।
 
কিন্তু ওই সময় এমএ আজীজ স্টেডিয়াম ফাঁকা পাওয়া যাবে কিনা তা নিয়ে নিশ্চিত না বাফুফে। মাঠ পাওয়া গেলেও বাফুফের আন্তর্জাতিক সূচি, ঘরোয়া ফুটবল সূচি, বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল, এই সব খেলার ফাঁকে একটা সময় বের করবে বাফুফে। চট্টগ্রাম আবাহনী বাফুফেকে দায়িত্ব দিয়েছে একটা সময় বের করার।
 
বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ বলেছেন,‘চট্টগ্রাম আবাহনী আমাদের উপর দায়িত্ব দিয়েছে। আমাদের সুবিধাজনক সময় বের করে আয়োজকদের জানাতে বলা হয়েছে। তারপর বিদেশি দলগুলোকে আমন্ত্রণ পত্র পাঠাবো। আট দল নিয়ে টুর্নামেন্ট আয়োজন করার কথা আমাদের জানানো হয়েছে।’
 
মহাসচিব সামশুল হক চৌধুরী সংবাদ মাধ্যমকে জানিয়েছেন ভারতের মোহন বাগান ক্লাব, ইষ্ট বেঙ্গল ক্লাব, নেপালের পুলিশ ক্লাব, ঢাকার মোহামেডান, আবাহনী, চলমান লিগের চ্যাম্পিয়ন দল এবং চট্টগ্রাম আবাহনীকে আমাদের টুর্নামেন্টে নিতে চাই।’ এই দলগুলো ছাড়াও শ্রীলংকা থেকেও একটি ক্লাবকে নেয়া হতে পারে।