লক্ষ্য কনফেডারেশনস কাপ: মেক্সিকান কোচ

 
জ্যামাইকাকে ৩-১ গোলে হারিয়ে দশমবারের মতো কনকাকাফ গোল্ড কাপের শিরোপা জিতেও আত্মতুষ্টিতে ভুগছেন না মেক্সিকোর কোচ মিগুয়েল হেরেরা। বরং এরই মধ্যে নতুন লক্ষ্য স্থির করে ফেলেছেন নন্দিত এই কোচ। আগামী ৯ অক্টোবর যুক্তরাষ্ট্রকে হারিয়ে ২০১৭ সালে রাশিয়ায় অনুষ্ঠেয় কনফেডারেশনস কাপ খেলার যোগ্যতা অর্জন করলে তবেই গোল্ড কাপ জয় পূর্ণতা পাবে বলে মনে করেন তিনি।
 
যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচটিকে সামনে রেখে ৪৭ বছর বয়সী হেরেরা বলেন, ‘আমরা খেলাটির জন্য সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছি। আমাদের লক্ষ্য অর্জিত হয়নি। কারণ এখনও একটি ম্যাচ বাকি আছে। আমরা কনফেডারেশনস কাপ খেলতে চাই। আমরা জানি যুক্তরাষ্ট্র খুবই দৃঢ় প্রতিজ্ঞ।’
 
বিশ্বকাপের প্রস্তুতিমূলক টুর্নামেন্ট বলে পরিচিত কনফেডারেশনস কাপের আগামী আসরের পর্দা উঠবে ২০১৭ সালের ১৭ জুন। বরাবরের মতোই বিশ্বকাপের আয়োজক দেশেই হচ্ছে টুর্নামেন্টটি। ২০১৮ বিশ্বকাপের আয়োজক দেশ রাশিয়া এবং শিরোপাধারী জার্মানি ছাড়াও মহাদেশীয় ফুটবলের চ্যাম্পিয়নরা আসরে অংশগ্রহণ করার সুযোগ পাবে।
 
উত্তর আমেরিকান ফুটবল শ্রেষ্ঠত্বের লড়াই কনকাকাফ গোল্ড কাপ টুর্নামেন্টটি চার বছরের ব্যবধানে না হয়ে দু’বছরের ব্যবধানে হয়। ফলে গোল্ড কাপের পূর্ববর্তী আসরের চ্যাম্পিয়ন এবং বর্তমান আসরের শিরোধারীদের মধ্যকার প্লে-অফ ম্যাচের মাধ্যমে একটি দল কনফেডারেশনস কাপ খেলার সুযোগ পায়।
 
এই টুর্নামেন্টের ২০১৩ আসরে চ্যাম্পিয়ন হয়েছিল যুক্তরাষ্ট্র। কিন্তু জ্যামাইকার বিপক্ষে অপ্রত্যাশিতভাবে হেরে যাওয়ায় এবারের আসরে সেমিফাইনাল থেকেই  বিদায় নিতে হয় কোচ জার্গেন ক্লিন্সম্যানের দলকে। তাই সরাসরি কনফেডারেশনস কাপ খেলার যোগ্যতা হারায় তারা। এবারের আসরের চ্যাম্পিয়ন মেক্সিকোকে যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্লে-অফ খেলে কনফেডারেশনস কাপ নিশ্চিত করতে হবে । কোচ হেরেরা ভালো করেই জানেন কাজটি মোটেও সহজ কবে না। তিনি বলেন, ‘আমাদের খুব সাবধানে এগোতে হবে। এটা খুবই কঠিন একটি ম্যাচ হতে যাচ্ছে। আমরা নীরব এবং শান্ত হয়ে বসে থাকতে পারি না।’
 
মেক্সিকো সর্বশেষ ১৯৯৯ সালে নিজেদের মাটিতে কনফেডারেশনস কাপ জিতেছিল। ২০১৩ সালে স্বাগতিক ব্রাজিল এবং ইতালির বিপক্ষে হেরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয় তারা। এই টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন ব্রাজিল। নিজেদের মাঠে গত আসরে স্পেনকে বিধ্বস্ত করে শিরোপা জেতে নেইমারের দল।
 
৯ অক্টোবর যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার রোজ বল স্টেডিয়ামে মেক্সিকো বনাম যুক্তরাষ্ট্রের মধ্যকার কনফেডারেশন্স কাপ প্লে-অফ ম্যাচটি অনুষ্ঠিত হবে।-এএফপি