কুষ্টিয়ার মিরপুরে কিশোর ভ্যান চালক হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার

কুষ্টিয়ার মিরপুরে চাঞ্চল্যকর মটর চালিত ‘পাখি ভ্যান’চালক কিশোর নিশান আলী (১৪) হত্যা মামলার আসামী সন্টুকে আটক করেছে পুলিশ। সে উপজেলার পোড়াদহ ইউনিয়নের স্বরুপদহ পালপাড়ার কামাল শেখের ছেছে। মঙ্গলবার বিকেলে মিরপুর থানার অফিসার ইনচার্জ কাজী জালাল উদ্দিন আহমদের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স তার নিজ বাড়ীতে অভিযান চালিয়ে সন্টুকে (২১) আটক করে। এ সময়ে পুলিশ নিশানের পাখিভ্যান, হত্যাকান্ডে ব্যবহৃত ছুরি ও দড়ি উদ্ধার করে।

এ হত্যাকান্ডে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করে সন্টু জানান, পাখি ভ্যানটির জন্যই তাকে হত্যা করা হয়। ২৫ জুলাই সকাল সাড়ে ১১টা নিশানকে সে ও তার অপর এক সহযোগি জবাই করে হত্যা করে বলে তিনি পুলিশকে জানান। এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ কাজী জালাল উদ্দিন আহমদ জানান অপর আসামীকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।
উল্লেখ্য ২৬ জুলাই সকালে পুলিশ উপজেলার ভাঙ্গাবটতলা নামক স্থানের শোলাবিল মাঠের জিকে ক্যানেলের উপর কলাবাগান থেকে পোড়াদহ গ্রামের এনামুল হক মন্ডলের ছেলে কিশোর নিশান আলীর মৃতদেহ উদ্ধার করে।