নিঃশর্ত ক্ষমা প্রার্থনার পর গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের দেয়া দণ্ড বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চ গতকাল মঙ্গলবার এই আদেশ দেন। আদালত অবমাননার দায়ে ট্রাইব্যুনাল-২ গত ১০ জুন জাফরুল্লাহকে ৫ হাজার টাকা জরিমানা এবং এক ঘন্টা আদালত কক্ষে দাঁড়িয়ে থাকার দণ্ড দেয়। এই রায়ের বিরুদ্ধে তিনি সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আবেদন করেন। গতকাল শুনানির শুরুতে জাফরুল্লাহ চৌধুরীর নিঃশর্ত ক্ষমা প্রার্থনার আবেদন উত্থাপন করেন তার আইনজীবী আবদুর রেজাক খান। রাষ্ট্রপক্ষে শুনানি করেন এটর্নি জেনারেল মাহবুবে আলম। শুনানি শেষে আপিল বিভাগ আবেদন নিষ্পত্তি করে দিয়ে এ রায় দেয়। একইসঙ্গে ভবিষ্যতে বিচার বিভাগ নিয়ে মন্তব্য করার ক্ষেত্রে তাকে সতর্ক থাকতে বলেছে আদালত।