পাকিস্তানে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৮১

 
পাকিস্তানে গত দুই সপ্তাহের ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৮১ জন হয়েছে। এছাড়া প্রায় ৩ লাখ লোক ক্ষতিগ্রস্ত হয়েছে। চলতি সপ্তাহে আরো বৃষ্টিপাত হতে পারে বলে সতর্কবাণী করা হয়েছে।
 
জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের (এনডিএমএ) মুখপাত্র আহমেদ কামাল বলেন, জুলাইয়ের মাঝামাঝিতে শুরু হওয়া ব্যাপক বৃষ্টিপাতে দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলে ব্যাপক ক্ষতি হয়েছে। এতে ১৯ হাজারেরও বেশি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত এবং বহু লোক আহত হয়েছে।
 
তিনি বলেন, সবচেয়ে ক্ষতিগ্রস্ত উত্তর-পশ্চিমাঞ্চলের খাইবার পাখতুনখোয়া প্রদেশে কমপক্ষে ৩৮ জন ও পাকিস্তান শাসিত কাশ্মীরে ১৯ জন মারা গেছে। মধাঞ্চলের পাঞ্জাব প্রদেশে ১১ জন, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বালুচিস্তানে ৮ ও গিলগিট বালতিস্তানে ৮ জনের প্রাণহানি হয়েছে।
 
আহমেদ কামাল বলেন, এখন পর্যন্ত এক লাখ ৭২ হাজার ১৬ জনকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। সামরিক বাহিনী, প্রাদেশিক সরকার ও এনডিএমএ’র উদ্ধারকারী দল ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে ত্রাণ ও উদ্ধার অভিযান চালাচ্ছে। খবর: এএফপির।