জাতীয় নাট্যশালার মূল মঞ্চে আজ সন্ধ্যা ৭টায় মঞ্চস্থ হবে প্রাচ্যনাটের নাটক ‘ট্র্যাজেডি পলাশবাড়ি’। নাটকটি রচনা ও নির্দেশনা দিয়েছেন আজাদ আবুল কালাম। তারাভান নামের এক নারী গার্মেন্টস শ্রমিকের সুখ-দুঃখ, হাসি-কান্না উঠে এসেছে এ নাটকে।
প্রাচ্যনাটের ২৯তম প্রযোজনা ‘ট্র্যাজেডি পলাশবাড়ি’র উদ্বোধনী মঞ্চায়ন হয় ২০১৪ সালের ৩০ ডিসেম্বর। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন পারভিন সুলতানা কলি, পারভীন পারু, রিফাত আহমেদ নোবেল, মো. রফিক, প্রদ্যুত্ কুমার ঘোষ, সুদীপ বিশ্বাস, গোপী দেবনাথ, মনির প্রমুখ।
নাটকটির সঙ্গীত পরিকল্পনা করেছেন নীল কামরুল ও পোশাক পরিকল্পনায় করেছেন বিলকিস জাহান জবা। মঞ্চ ও আলোক পরিকল্পনা করেছেন আবুল হাসনাত রিপন। ভিডিওগ্রাফি ও প্রজেকশনে রয়েছেন সাইফুল ইসলাম জার্নাল।