মানবতাবিরোধী অপরাধের মামলায় সুপ্রিম কোর্টের আপিল বিভাগ সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসির রায় বহাল রাখার পর বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য জমিরউদ্দিন সরকার বলেছেন, রায়ে তারা হতাশাগ্রস্ত, দুঃখিত ও মর্মাহত।
বুধবার বিবিসি বাংলাকে দেয়া এক প্রতিক্রিয়ায় রিভিউ করা হলে এ রায় টিকবে না বলে আশা প্রকাশ করেন তিনি।
তিনি বলেন, “ আমার বিশ্বাস যার ওপর ভিত্তি করে রায় হয়েছে আমি আশা করি রিভিউ করা হলে এ রায় টিকবে না। রিভিউ হলে সুপ্রিম কোর্টের বিজ্ঞ বিচারকরা হয়তো তাদের বিবেচনায় রায় পাল্টাতেও পারেন”।
সংসদের সাবেক স্পিকার জমিরউদ্দিন সরকার বলেন, “দলের পক্ষ থেকে আমরা দুঃখিত। সালাউদ্দিন কাদের চৌধুরী মন্ত্রী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টার দায়িত্ব পালন ছাড়াও একজন সোচ্চার কন্ঠের কার্যকর বিরোধী দলীয় নেতা ছিলেন। তিনি সবসময় সত্য বলেছেন। সংসদীয় গণতন্ত্রে কার্যকর বিরোধী দলের ভূমিকা দরকার এবং সেটি তিনি অনুভব করে সেভাবেই কাজ করতেন।”
প্রসঙ্গত, মানবতাবিরোধী অপরাধের মামলায় বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। বুধবার সকালে প্রধান বিচার সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপিল বিভাগের চার সদস্যের একটি বেঞ্চ এ রায় ঘোষণা করে।
-বিবিসি বাংলা