তালেবান নেতা মোল্লা ওমর ‘মারা গেছেন’

 
আফগানিস্তানের তালেবান নেতা মোল্লা মোহম্মদ ওমর  মারা গেছেন। দেশটির এক কর্মকর্তার বরাত দিয়ে বুধবার বিবিসি এই তথ্য জানিয়েছে। তবে তালেবানদের পক্ষ থেকে এই বিষয়ে এখনো কোনো বক্তব্য আসেনি।  
 
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, দুই থেকে তিন বছর আগে মোল্লা ওমর মারা গেছেন বলে জানিয়েছেন আফগান সরকার ও গোয়েন্দা সূত্র। তবে এই বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।
 
তালেবানের এক মুখপাত্র বিবিসিকে বলেছেন, এই বিষয়ে একটি বিবৃতি দেয়া হবে।
 
এর আগে মোল্লা ওমরের মৃত্যুর খবর নিয়ে কয়েকটি প্রতিবেদন করা হয়েছিল। তবে এবারই প্রথম আফগান সরকারের কোনো শীর্ষ সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন। 
 
এদিকে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মোল্লা ওমরের মৃত্যুর বিষয় নিয়ে যে গুজব ছড়িয়েছে সে বিষয়ে একটি সংবাদ সম্মেলন করা হবে বলে জানিয়েছে এক আফগান কর্মকর্তা। তবে এই বিষয়ে তিনি বিস্তারিত জানাতে অপারগতা জানিয়েছেন।
 
২০১২ সালে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোটের তালেবান বিরোধী অভিযান শুরুর পর থেকে গত ১৩ বছর ধরেই লোকচক্ষুর অন্তরালে রয়েছেন তালেবান নেতা মোল্লা ওমর।