পশ্চিম তীরে ইহুদি বসতি স্থাপনকারীদের সাথে পুলিশের সংঘর্ষ হয়েছে। ইসরাইল অধিকৃত এলাকাটিতে নির্মাণাধীন বাড়ি-ঘরের দখল নিতে গেলে মঙ্গলবার ইহুদি বসতি স্থাপনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধে। ইসরাইলের আদালত অবৈধ স্থাপনাসমূহ ভেঙ্গে দেয়ার নির্দেশ দেয়ার পর কর্তৃপক্ষ সেখানে অভিযানে নামে।
গত মাসে ইসরাইলের হাইকোর্ট ৩০ জুলাইয়ের মধ্যে রামাল্লার উত্তরে রহিত আল স্টেলমেন্টের দু’টি স্থাপনা ভেঙ্গে ফেলার নির্দেশ দেয়। স্থাপনা উচ্ছেদের প্রতিবাদ জানাতে জনা পঞ্চাশেক ইহুদি তরুণ স্থাপনা দু’টিতে অবস্থান নেয়। তবে পুলিশ ভোরের আগেই তাদের সরিয়ে দেয়।
স্থানীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, পুলিশ বিক্ষোভকারীদের সরিয়ে দিতে গেলে তারা পুলিশের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। অভিযোগ রয়েছে ১৯৭০-এর দশকে ইসরাইল কর্তৃক দখলকৃত জমিতে এসব স্থাপনা নির্মাণ করা হচ্ছিল।
ইসরাইলি সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, মঙ্গলবার সীমান্ত পুলিশের একটি ইউনিট হাইকোর্টের আদেশ অনুযায়ী ভবনগুলোর নিয়ন্ত্রণ গ্রহণ করে। তবে স্থাপনাগুলো ভেঙ্গে ফেলা ঠেকাতে আবেদন জানানো হয়েছে। তাই আদালতে আদেশ অনুযায়ী এসব স্থাপনা ভাঙ্গা হবে কিনা তা পরিষ্কার নয়। সূত্র: এএফপি