জিয়ানগরে হঠাৎ ঝড়, ব্যাপক ক্ষয়ক্ষতি

 
পিরোজপুরের জিয়ানগরে হঠাৎ ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। বুধবার বিকাল ৪টার দিকে মাত্র তিন মিনিট স্থায়ী ঝড়ে উপজেলার অনেক কাঁচা, আধা পাকা বাড়ির ওপর গাছ পড়ে বিধ্বস্ত হয়েছে।
 
ঝড়ে বালিপাড়া, পত্তাশী ও পাড়েরহাটের অনেক সড়কে গাছ পড়ে যোগাযোগ ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এছাড়া  কলা বাগানসহ বিভিন্ন ধরনের গাছপালার ব্যাপক ক্ষতি হয়েছে।
 
পত্তাশী ইউনিয়নের ইন্দুরকানী গ্রামের ক্ষতিগ্রস্ত কামাল  (৩৪) জানান, হঠাৎ ঝড়ে আমার ঘরের উপর গাছ পড়ে ঘরটি ভেঙ্গে গেছে। এ ছাড়া আমার প্রতিবেশীর একটি দালান ঘরের উপরেও গাছ পরে অনেক ক্ষতি হয়েছে। পত্তাশী ইউপি চেয়ারম্যান আসাদুল কবির স্বপন বলেন, জিয়ানগরের লঞ্চ ঘাটের পন্টুন থেকে ঝড়ের তোড়ে কয়েকজন যাত্রী নদীতে পড়ে যাওয়ার খবর পাওয়া গেছে। কঁচা ও বলেশ্বর নদী পাড়ের এলাকাবাসীর ক্ষয়-ক্ষতির খবর পেয়েছি। তবে এখনও ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি। 
 
এ বিষয়ে উপজেলা চেয়ারম্যান মাসুদ সাঈদী জানান, হঠাৎ ঝড় হাওয়ায় উপজেলার অনেক বাড়ি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্তদের  তুলনায় বরাদ্দ কম রয়েছে। জরুরী ভিত্তিতে ত্রাণ সহায়তা প্রয়োজন।